১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি

দেশের তৈরি পোশাকশিল্প খাতে চলমান অস্থিতিশীল পরিস্থিতির প্রভাব পড়েছে উৎপাদন ও রপ্তানিতে। বিজিএমইএর সাম্প্রতিক জরিপ অনুযায়ী, ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত এই ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে। এফওবি (ফ্রি অন বোর্ড) মূল্যমান অনুযায়ী এই হিসাব করা হয়েছে। এই সময়ে ৩১৭টি কারখানা সর্বনিম্ন একদিন থেকে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছে।

উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি সময়মতো পণ্য সরবরাহ করতে না পারায় রপ্তানি আদেশগুলো বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে। অর্ডার ধরে রাখতে কারখানাগুলোকে আকাশপথে পণ্য পাঠানো, বড় অঙ্কের মূল্যছাড় দেওয়া এবং অনেক ক্ষেত্রে অর্ডার বাতিলের মতো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। এতে উৎপাদন ক্ষতির বাইরেও কারখানাগুলোর ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি হয়েছে।

বিজিএমইএর জরিপে অংশ নেওয়া কারখানাগুলোর তথ্য অনুযায়ী, ক্রেতারা এরই মধ্যে নিশ্চিত করা অর্ডার থেকে ৫৯ মিলিয়ন পিস পোশাক অন্য দেশে সরিয়ে নিয়েছেন। এসব অর্ডারের বাজারমূল্য ২৫৪ মিলিয়ন ডলার। বিজিএমইএ মনে করছে, অস্থিতিশীল পরিস্থিতির কারণে আন্তর্জাতিক ক্রেতাদের আস্থায় বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে। অর্ডার অন্য দেশে স্থানান্তরের এই ঘটনা বাংলাদেশের পোশাকশিল্পের আন্তর্জাতিক ভাবমূর্তি, নির্ভরযোগ্যতা এবং ভবিষ্যৎ ব্যবসার সম্ভাবনার জন্য উদ্বেগজনক।

সংগঠনটির মতে, জরিপে উঠে আসা এই পরিসংখ্যান প্রকৃত ক্ষয়ক্ষতির আংশিক চিত্র মাত্র। ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ৬০০-এর বেশি হলেও জরুরি জরিপে অংশ নিতে পেরেছে মাত্র ৩১৭টি কারখানা। ফলে সামগ্রিক উৎপাদন ক্ষতির পরিমাণ জরিপের চেয়েও বেশি হতে পারে। এছাড়া ১৮ নভেম্বরের পরেও শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি অব্যাহত রয়েছে, যা ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়িয়ে তুলছে।

বিজিএমইএ জানিয়েছে, এই সংকট থেকে উত্তরণ দেশের অর্থনীতি এবং লাখ লাখ পোশাকশ্রমিকের জীবন-জীবিকার জন্য অত্যন্ত জরুরি। শিল্পের উৎপাদন কার্যক্রম সচল রাখতে এবং ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল আচরণ ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।