সহিংসতার আশঙ্কায় দেশের ৮ ঝুঁকিপূর্ণ কারাগারে বিশেষ গোয়েন্দা নজরদারি

দেশজুড়ে ধারাবাহিক ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। গত ৭ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের অন্তত ২১টি জেলার ৮৭টি স্থানে ককটেল বিস্ফোরণের তথ্য পেয়েছে পুলিশ সদর দপ্তর। এসব সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় রেখে দেশের ৮টি ঝুঁকিপূর্ণ কারাগারকে বিশেষ গোয়েন্দা নজরদারির আওতায় এনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের সংগৃহীত পরিসংখ্যান অনুযায়ী, উক্ত সময়ের মধ্যে দেশজুড়ে ৮৩টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। পুলিশের চারটি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানো হয়, যার মধ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানাও রয়েছে। এছাড়া পুলিশের ২৮টি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, তিনটি স্থাপনায় ককটেল বিস্ফোরণ এবং একটি গাড়ি ককটেল হামলায় ক্ষতিগ্রস্ত হয়। এসব সহিংস ঘটনায় এ পর্যন্ত ৩৯টি মামলা দায়েরের পাশাপাশি ৬৬ জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এমন অস্থিতিশীল পরিস্থিতিতে দেশের সব কারাগারে বাড়তি সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে কারা অধিদপ্তর। সার্বক্ষণিক পর্যবেক্ষণের পাশাপাশি কারারক্ষীদের সতর্ক থাকা এবং যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলার জন্য প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। কারাগারের চারপাশের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি বন্দিদের অভ্যন্তরীণ অসন্তোষ, বিদ্রোহ কিংবা অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলা প্রতিরোধে কড়া নজরদারি রাখছে কর্তৃপক্ষ। যেকোনো নির্দেশনা দ্রুত পৌঁছাতে এসএমএস ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হচ্ছে।

কারা নিরাপত্তা পর্যালোচনায় জানা গেছে, কেপিআইভুক্ত স্পর্শকাতর এলাকা কাশিমপুর কারা কমপ্লেক্সে বর্তমানে রাজনৈতিক বন্দিসহ প্রায় ১২ হাজার বন্দি রয়েছেন। ওই স্থানে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে গোটা কারা প্রাঙ্গণে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও টহল জোরদারের তাগিদ দেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সাভার সেনানিবাসের ৯ পদাতিক ডিভিশনের জিওসি, গাজীপুর মহানগর পুলিশ কমিশনার, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের অধিনায়ক, কোনাবাড়ী থানার ওসি এবং রাজেন্দ্রপুর সেনানিবাসের অপারেশন শাখার আনুষ্ঠানিক সহযোগিতা চেয়ে চিঠি পাঠানো হয়েছে।

নিরাপত্তার সার্বিক বিষয়ে কারা অধিদপ্তরের জেলার (মিডিয়া উইং) মাসুদ হাসান জুয়েল জানান, দেশের প্রতিটি কারাগারেই নিয়মিত বিশেষ নিরাপত্তা থাকে। বন্দিদের কাছে অস্ত্র পৌঁছানোর সুযোগ না থাকলেও কারাগারে প্রয়োজনীয় অস্ত্র ও পর্যাপ্ত গোলাবারুদ মজুত রাখা আছে। সাম্প্রতিক সময়ের প্রেক্ষাপটে সদর দপ্তর থেকে প্রতিনিয়ত সব কারাগার মনিটরিং করা হচ্ছে। বিশেষ করে গত দুই সপ্তাহে সংশ্লিষ্ট জেল সুপার ও জেলারদের প্রয়োজনীয় সতর্ক বার্তা ও দিকনির্দেশনা দেওয়া হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে অন্য এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বড় কারাগারগুলোতে বন্দির সংখ্যা বেশি হওয়ায় সেখানে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

কারাগারে কঠোর নিরাপত্তার পেছনে পূর্বের তিক্ত অভিজ্ঞতার প্রভাব রয়েছে। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময় দেশের অন্তত ১৭টি কারাগারে হামলা, বন্দি বিদ্রোহ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। সেই সময়ে নরসিংদী, কাশিমপুর হাইসিকিউরিটি, শেরপুর, সাতক্ষীরা ও কুষ্টিয়া কারাগার ভেঙে ২ হাজার ২৪৭ জন বন্দি পালিয়ে যান। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও নিজস্ব আত্মসমর্পণের মাধ্যমে ১ হাজার ৫৫৭ জন বন্দিকে ফিরিয়ে আনা সম্ভব হলেও এখনো ৬৯০ জন পলাতক রয়েছেন। যার মধ্যে নরসিংদী কারাগার থেকে পালানো ১৬৬ জনের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি, কারণ অগ্নিকাণ্ডে তাদের প্রয়োজনীয় নথিপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছিল।

অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মেছবাহুল আলম সেলিম এ বিষয়ে জানান, প্রতিটি কারাগারে অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। সদর দপ্তর থেকে প্রতিনিয়ত তদারকি চালানো হচ্ছে এবং পরিস্থিতির ধরণ বুঝে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। অন্যদিকে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা জানিয়েছেন, জননিরাপত্তা স্বাভাবিক রাখতে ও যেকোনো ধরণের নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং গোয়েন্দা তদারকি বৃদ্ধি করা হয়েছে।