রাজস্থানের পঞ্চায়েত ভোটে বিজেপির দুর্গে বড় জয় কংগ্রেসের

ভারতের রাজস্থানে অনুষ্ঠিত ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ—এই তিন স্তরের নির্বাচনেই বিজেপিকে পেছনে ফেলে বড় জয় পেয়েছে বিরোধী দল কংগ্রেস।

নির্বাচনের এই ফলাফলকে রাজ্যের গ্রামীণ জনপদে বিজেপির প্রতি সাধারণ মানুষের অনাস্থার প্রতিফলন হিসেবে দেখছে কংগ্রেস। প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাজ্যের ৪১টি জেলা পরিষদের অধিকাংশ আসনেই কংগ্রেস আধিপত্য বিস্তার করেছে। তবে প্রশাসনিক কারণে চারটি জেলার ভোট গণনা বর্তমানে স্থগিত রাখা হয়েছে।

নির্বাচনী ফলাফলে দেখা গেছে, জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির আসনসংখ্যায় কংগ্রেস বিজেপির চেয়ে দ্বিগুণেরও বেশি ব্যবধানে এগিয়ে রয়েছে। গত নির্বাচনের তুলনায় এবার তিন স্তরের নির্বাচনেই বিজেপির আসন সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।