বর্ণিল সাজসজ্জা, শিক্ষার্থীদের মনোমুগ্ধকর ডিসপ্লে এবং দর্শকদের ব্যাপক উচ্ছ্বাসের মধ্য দিয়ে গাজীপুরের কালিয়াকৈরে শুরু হয়েছে 'টেপবল বিপিএল-২০২৬'। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা খেলার মাঠে বাংলাদেশ টেপবল ক্রিকেট অ্যাসোসিয়েশনের (বিটিসিএ) আয়োজনে টুর্নামেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে।
দেশের বিভিন্ন অঞ্চলের ১২টি দলের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টটি স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। টুর্নামেন্টটিকে আন্তর্জাতিক রূপ দিতে পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, টুর্নামেন্টের খেলাগুলো পাকিস্তানের একটি স্পোর্টস চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।
টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলের জন্য ১০ লাখ টাকা এবং রানার্সআপ দলের জন্য পাঁচ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া প্রতিদিনের ম্যাচের জন্যও থাকছে আকর্ষণীয় পুরস্কার ও প্রাইজবন্ড। আগামী ১১ ডিসেম্বর প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ টেপবল ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি সারোয়ার হোসেন আকুল বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলাই এই আয়োজনের অন্যতম প্রধান লক্ষ্য। আয়োজকদের প্রত্যাশা, এই টুর্নামেন্ট স্থানীয় ও জাতীয় পর্যায়ের প্রতিভাবান ক্রিকেটারদের নিজেদের দক্ষতা প্রকাশের একটি বড় সুযোগ তৈরি করে দেবে। দর্শকদের জন্য মাঠে গ্যালারি ও আধুনিক প্রযুক্তির ব্যবস্থাও রাখা হয়েছে।

