‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় আধুনিক সশস্ত্রবাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

বাংলাদেশকে নিরাপদ ও শক্তিমান হিসেবে গড়ে তুলতে সশস্ত্রবাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিকালে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশপ্রেমিক জনগণ, দায়বদ্ধ গণতান্ত্রিক সরকার ও সশস্ত্রবাহিনীর মধ্যে 'সবার আগে বাংলাদেশ' চেতনা সক্রিয় থাকলে কোনো পরাশক্তি দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না। ১৯৭১ সাল থেকে দেশের সার্বভৌমত্ব ও অধিকার রক্ষায় আত্মোৎসর্গকারী শহীদদের শ্রদ্ধা জানিয়ে তিনি স্বাধীনতা রক্ষা এবং একটি স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের সংকল্প পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। মঞ্চে জাতীয় সংগীত পরিবেশনের পর বক্তব্য প্রদান করেন প্রধানমন্ত্রী এবং পরবর্তীতে অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। বক্তব্যে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, স্থলভাগের সুরক্ষার পাশাপাশি আকাশ ও সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষা আধুনিক রাষ্ট্রের জন্য জরুরি। এ লক্ষ্যে সরকার তিন বাহিনীর সমন্বিত জাতীয় প্রতিরক্ষা গড়ে তুলতে নতুন প্ল্যানিং গাইডেন্স প্রণয়ন করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, ড্রোন, ইলেকট্রনিক যুদ্ধ এবং মহাকাশভিত্তিক নজরদারির মতো প্রযুক্তিগত দক্ষতা অর্জনই বর্তমান পরিকল্পনার মূল অংশ।

সশস্ত্রবাহিনীর সুশৃঙ্খল চেইন অব কমান্ড এবং সততা, দক্ষতা ও জনগণের আস্থার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী কর্মকর্তাদের কল্যাণে গৃহীত পদক্ষেপের কথা জানান। তিনি বলেন, পেশাগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি সশস্ত্রবাহিনীর সদস্য ও তাদের পরিবারের জীবনমান উন্নয়নে যৌথ মানবসম্পদ ব্যবস্থাপনা বোর্ড গঠন করা হয়েছে। ২০৩০ সালের মধ্যে 'ওয়ান র‌্যাংক ওয়ান পেনশন' নীতিসহ বিভিন্ন কল্যাণমূলক সিদ্ধান্ত পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। পার্বত্য চট্টগ্রামে শান্তি রক্ষা, সন্ত্রাস দমন এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গিয়ে যারা শহীদ বা আহত হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা ও সমবেদনা জানান তিনি। একইসঙ্গে মুক্তিযুদ্ধের রণাঙ্গনে ১৯৭১ সালের ২১শে নভেম্বর তিন বাহিনীর সম্মিলিত আক্রমণের মাধ্যমে সশস্ত্রবাহিনী দিবসের যে যাত্রা শুরু হয়েছিল, তার ঐতিহাসিক গুরুত্ব স্মরণ করেন।

অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারণ করেন তারেক রহমান। তিনি বলেন, তার মা জীবনের অধিকাংশ সময় সেনানিবাসে কাটিয়েছেন এবং প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী হিসেবে বহুবার এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন; ২০২৫ সালে তার সর্বশেষ অংশগ্রহণ ছিল এখানেই। এছাড়া, ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপঅধিনায়ক মেজর জিয়াউর রহমানের 'উই রিভোল্ড' ঘোষণা এবং ২৬শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণার কথা উল্লেখ করে তিনি বলেন, সশস্ত্রবাহিনীর জন্ম ও মুক্তিযুদ্ধের ইতিহাস অভিন্ন। ১৯৭৫ সালের ৭ই নভেম্বরের বিপ্লব, ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ড এবং ২০২৪ সালের আগস্টের গণ-অভ্যুত্থানে সশস্ত্রবাহিনীর দেশপ্রেমিক ভূমিকার প্রশংসা করেন সরকারপ্রধান। অনুষ্ঠানে সহায়তা প্রদানকারী বন্ধুরাষ্ট্রসমূহ এবং উপস্থিত কূটনৈতিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

এর আগে সকালে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা প্রদান করেন প্রধানমন্ত্রী। সেখানে পায়ে হেঁটে গিয়ে তিনি মুক্তিযোদ্ধা ও তাদের স্বজনদের সঙ্গে চা-চক্রে মিলিত হন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বিএনপি সরকারের আমলে ২০০১ সালে 'মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়' গঠন এবং ২০০২ সালে 'জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন' প্রণয়নের কথা তুলে ধরেন। খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর-বিক্রম, ৭ জন বীরশ্রেষ্ঠের নিকটাত্মীয় সহ প্রায় ১০১ জন সংবর্ধিত অতিথি এই আয়োজনে অংশ নেন। সকালে কুর্মিটোলায় শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। সেখানে তাকে গার্ড অব অনার প্রদান করা হয় এবং পরিদর্শক বইয়ে তিনি স্বাক্ষর করেন। পরে সশস্ত্র বাহিনী বিভাগে তিন বাহিনী প্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।