টেকনাফে মানবপাচারের আস্তানা থেকে ৮ রোহিঙ্গা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে অবৈধভাবে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জিম্মি করে রাখা আটজনকে উদ্ধার করেছে সেনাবাহিনীর নেতৃত্বাধীন একটি বিশেষ যৌথ আভিযানিক দল। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে পাঁচজন নারী, দুইজন পুরুষ এবং আট মাস বয়সী একটি শিশু রয়েছে।

রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার লেঙ্গুরবিল এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উদ্ধার হওয়া আটজনই রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্য এবং তারা উখিয়ার এফডিএমএন ক্যাম্প-১৮ ও ক্যাম্প-২০-এর বাসিন্দা বলে জানা গেছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া তথ্য অনুযায়ী, ওই এলাকায় ২০ থেকে ২৫ জনকে জিম্মি করে রাখা হয়েছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় যৌথ আভিযানিক দলটি ঘটনাস্থলে পৌঁছালে মানবপাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যায়। এসময় পাচারকারীদের কবলে থাকা কয়েকজন ভুক্তভোগীও পালিয়ে যেতে সক্ষম হন।

অভিযান শেষে উদ্ধার হওয়া ব্যক্তিদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষা, জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মানবপাচারসহ বিভিন্ন অপরাধ দমনে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।