নাটোরের নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগে ৬ ককটেল উদ্ধার করেছে এসআরবি

নাটোরের নলডাঙ্গা উপজেলায় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি ব্যাগের ভেতর থেকে ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। রোববার (২২ নভেম্বর) ভোররাত ৩টা ৪০ মিনিটের দিকে উপজেলার পাটুল নীচা বাজার এলাকার ওয়াচ টাওয়ারের সিঁড়ির নিচ থেকে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়। স্থানটি পাটুল থেকে খোলাবাড়িয়াগামী প্রধান সড়কের পশ্চিম পাশে অবস্থিত।

এসআরবি-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনার বিস্তারিত জানানো হয়েছে। বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে অভিযান পরিচালনাকারী দল খবর পায় যে ওই এলাকায় একটি সাদা রঙের বাজারে ব্যাগ সন্দেহজনক অবস্থায় পড়ে রয়েছে। খবরটি পাওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয় এবং তাৎক্ষণিকভাবে এসআরবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।

পরবর্তীতে বোমা নিষ্ক্রিয়করণ দলের সহযোগিতায় স্থানীয় লোকজনের উপস্থিতিতে ব্যাগটিতে তল্লাশি চালানো হয়। ভোররাত ৩টা ৪০ মিনিটের দিকে ব্যাগের ভেতর থেকে ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে বিধি অনুযায়ী জব্দ করা হয়। উদ্ধার করা এসব ককটেল পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য নলডাঙ্গা থানায় সাধারণ ডায়েরিমূলে হস্তান্তর করা হয়েছে।