চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের বকুল হোসেনের স্ত্রী মিলি (৪৫) এবং তার মেয়ে লিমু খাতুন (১৭)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৬টার পর মিলি বাড়ির সামনে তাদের দোকানের গেট খুলতে যান। দোকানের নিরাপত্তার জন্য লাগানো লোহার রডে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। মাকে ছটফট করতে দেখে মেয়ে লিমু খাতুন তাকে বাঁচানোর জন্য এগিয়ে যান। এ সময় তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
পরবর্তীতে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক মা ও মেয়েকে মৃত ঘোষণা করেন। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

