প্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে প্রকাশ করেছে ভারতীয় মিডিয়া: পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের লালমনিরহাটে দেওয়া বক্তব্য ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যমে ভুলভাবে প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের ভাষ্যমতে, প্রধানমন্ত্রী তার বক্তব্যে কোনো নির্দিষ্ট দেশের নাম উল্লেখ করেননি। গত ১৯শে নভেম্বর লালমনিরহাটে দেওয়া বক্তৃতায় বাংলাদেশে আওয়ামী লীগের সহিংসতার জন্য ভারতকে দায়ী করেছেন বলে ভারতীয় কিছু সংবাদমাধ্যম যে খবর প্রচার করেছে, তা সঠিক নয়।

রোববার এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বার্তা সংস্থা ইউএনবিকে জানান, প্রধানমন্ত্রী তার বক্তব্যে কোনো দেশের নাম নেননি। ভারতীয় মিডিয়াগুলো তার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করেছে। ওই কর্মকর্তা আরও বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সন্ত্রাসীরা দেশে তাণ্ডব চালাচ্ছে এবং নিরীহ মানুষের ওপর গুরুতর সহিংসতা চালিয়েছে, যা পুরো বিশ্ব প্রত্যক্ষ করেছে। তারা এই সন্ত্রাসকে বৈশ্বিক পর্যায়ে ছড়িয়ে দিচ্ছে এবং বিভিন্ন দেশে গুরুতর নিরাপত্তা সমস্যা তৈরি করছে।

মন্ত্রণালয়ের কর্মকর্তা আরও উল্লেখ করেন, এই জঘন্য কর্মকাণ্ড বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে এবং প্রবাসী বাংলাদেশিদের নেতিবাচকভাবে উপস্থাপন করে তাদেরও ক্ষতি করছে। এই ভয়াবহ হুমকির শিকড় ছড়িয়ে পড়ার আগেই তা নির্মূলে সব দেশের দায়িত্ব রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

এর আগে শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশ প্রসঙ্গে দেশটির অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক গড়ে তোলাই ভারতের ধারাবাহিক অবস্থান। বাংলাদেশের প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করতে তারা আগ্রহী নন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার লালমনিরহাট সদর উপজেলায় মহেন্দ্রনগর মডেল খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের বিরুদ্ধে একটি সন্ত্রাসী গোষ্ঠী নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। তিনি অভিযোগ করেন, ১৬ বছর দেশ শাসনের পর তারা সীমান্ত পেরিয়ে পালিয়ে গেলেও আবারও অগ্নিসংযোগ ও মানুষ হত্যার রাজনীতি শুরু করেছে। তিনি দেশবাসীর উদ্দেশে বলেন, আসুন ২০২৪ সালের মতো আবারও আমরা প্রস্তুতি নিই, যাতে এই সন্ত্রাসীদের উপযুক্ত জবাব দিতে পারি।