রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রোববার (২২ নভেম্বর) সকালে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর এসএমই খাতের উন্নয়ন ও এসএমই ফাউন্ডেশনের প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরে একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। ভিডিওচিত্রে উল্লেখ করা হয় যে, ২০০৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রথম জাতীয় এসএমই টাস্কফোর্স গঠন করেছিলেন। সেই টাস্কফোর্সের সুপারিশ অনুযায়ী ২০০৫ সালে জাতীয় এসএমই নীতিকৌশল প্রণয়ন করা হয় এবং এরই ধারাবাহিকতায় ২০০৬ সালে এসএমই ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়।
শিল্পসচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন আব্দুন নাসের খান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও গতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করার লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের বিকাশ অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, উদ্যোক্তাদের পণ্যের বাজার সম্প্রসারণ এবং তাদের বিকাশে এই জাতীয় এসএমই পণ্য মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এবারের ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলায় সারা দেশের ৪৫০টিরও বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ৩৮০ জন উদ্যোক্তা তাদের উৎপাদিত পণ্য প্রদর্শনের সুযোগ পাচ্ছেন। সংশ্লিষ্টদের মতে, এই মেলা উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন, বাজার সম্প্রসারণ এবং ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

