সার্বিয়ায় পাঠানোর নামে প্রতারণা: জাল ভিসাসহ গ্রেপ্তার ১

সার্বিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া একটি প্রতারক চক্রের সদস্য আবদুল মাবুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকালে চট্টগ্রাম নগরের কোতোয়ালি এলাকার একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মাবুদের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়। তার কাছ থেকে বিভিন্ন এলাকার ১৭টি পাসপোর্ট এবং সার্বিয়ার ৫ হাজার জাল ভিসা উদ্ধার করা হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির জানান, গোপন তথ্যের ভিত্তিতে ওই হোটেল থেকে মাবুদকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া পাসপোর্টগুলো ময়মনসিংহ, মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকার ভুক্তভোগীদের। সার্বিয়ায় যাওয়ার আশায় তারা এই চক্রের কাছে পাসপোর্ট দিয়েছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাবুদ স্বীকার করেছেন যে, ছয় লাখ টাকা করে নিয়ে তারা লোকজনের সঙ্গে সার্বিয়া পাঠানোর চুক্তি করতেন। বিশ্বাস অর্জনের জন্য তারা ভুক্তভোগীদের জাল ভিসা সরবরাহ করতেন, কিন্তু বিমানবন্দর থেকে অভিবাসন পুলিশের যাচাইয়ে তা ধরা পড়ে যেত।

ওসি আরও জানান, জাল ভিসা বিমানবন্দরে পুলিশের অভিবাসন শাখায় ধরা পড়লে চক্রের সদস্যরা ভুক্তভোগীর অন্য কোনো সমস্যা আছে বলে দাবি করতেন। এ রকম কয়েকজন বিমানবন্দর থেকে ফেরত আসার কথাও মাবুদ স্বীকার করেছেন।

এ বিষয়ে মুন্সিগঞ্জ সদরের মো. সাইফুল নামের এক ভুক্তভোগী জানান, তিনি তার এলাকার মামুন শেখের মাধ্যমে পাসপোর্ট ও টাকা দিয়েছিলেন। আগামীকাল সোমবার তার ঢাকায় যাওয়ার কথা ছিল। তবে তার পাসপোর্টসহ চক্রের এক সদস্য গ্রেপ্তার হওয়ার বিষয়টি তিনি জানেন না। সাইফুল আরও জানান, তার জানামতে, তাদের এলাকার মো. হাসানসহ অনেকেই সার্বিয়া যাওয়ার জন্য পাসপোর্ট ও টাকা দিয়েছেন।

পরে মামুন শেখের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ঢাকার একটি এজেন্সিকে তিনি তার চারজন আত্মীয়কে সার্বিয়া পাঠানোর জন্য ৯ লাখ টাকা দিয়েছেন। গ্রেপ্তারের বিষয়টি তিনিও জানেন না। ওসি জাহেদুল কবির আরও জানান, ঢাকা, ময়মনসিংহ, মুন্সিগঞ্জ ও চট্টগ্রামসহ সারা দেশে এই চক্রের সদস্য ছড়িয়ে রয়েছে। চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।.১০ দিন পর ফ্লাইট, চাকরি ছেড়ে সুন্দরবনে বেড়াতে গিয়ে জানলেন এজেন্সি উধাও