বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহী মার্কিন যুক্তরাষ্ট্র

বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে বিশেষ আগ্রহ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। শনিবার (২১ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ড এ তথ্য জানায়। বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এই বার্তাটি প্রচার করা হয়, যা ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস থেকেও প্রকাশ করা হয়েছে।

বার্তায় উল্লেখ করা হয়, সামরিক যোগাযোগ ও অংশীদারত্ব অব্যাহত রাখার মাধ্যমে একটি অবাধ ও উন্মুক্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখার বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবেই দেশটির সঙ্গে প্রতিরক্ষা অংশীদারত্বকে বিশেষ গুরুত্ব দিচ্ছে মার্কিন প্রশাসন।

মার্কিন সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ড জানায়, ২০২৬ সালে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে যোগাযোগ ও সহযোগিতার পরিসর আরও বৃদ্ধি পেয়েছে। এই সম্পর্ককে আরও সুসংহত করতে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের সফর বিনিময়, ল্যান্ড ফোর্সেস প্যাসিফিক (ল্যানপ্যাক) সিম্পোজিয়াম এবং ‘টাইগার লাইটনিং’ সামরিক মহড়াকে সহযোগিতার গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এসব কার্যক্রমের মাধ্যমে দুই দেশের সামরিক বাহিনীর পারস্পরিক বোঝাপড়া ও আঞ্চলিক নিরাপত্তার প্রতি অভিন্ন অঙ্গীকার আরও দৃঢ় হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। দুই দেশের সামরিক যোগাযোগ অব্যাহত রাখার ওপর গুরুত্ব দিয়ে মার্কিন সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ড তাদের বার্তায় বলেছে, অব্যাহত সহযোগিতা ও অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ আরও বাড়ানো এবং অবাধ ও উন্মুক্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল প্রতিষ্ঠায় কাজ করতে যুক্তরাষ্ট্র আগ্রহী। পরিশেষে ‘জনগণ, অংশীদারত্ব ও বিজয়’— এই মূলমন্ত্রকে সামনে রেখে বার্তাটি শেষ করেছে মার্কিন সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ড।