রাজৈরে সড়ক অবরোধে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ

মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। রোববার (২৯ নভেম্বর) ভোর থেকে শুরু হওয়া এই অবরোধের ফলে মহাসড়কের ওই অংশে সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভোরবেলা থেকেই স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহাসড়কে অবস্থান নেন। পরবর্তীতে তারা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেন ও রাস্তা অবরোধ করে রাখেন। দীর্ঘ সময় ধরে যানবাহন আটকা পড়ে থাকায় দূরপাল্লার যাত্রী ও চালকেরা চরম দুর্ভোগের শিকার হয়েছেন।

ঘটনার শুরুতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়নি। তবে সকাল গড়িয়ে দিনের আলো বাড়ার সাথে সাথে সেখানে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। তারা পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে কাজ শুরু করেছেন। রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং খুব দ্রুতই যান চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।