পাবনা শহরের আব্দুল হামিদ সড়কে জেলা ছাত্রদলের একটি বিক্ষোভ মিছিলে দুর্বৃত্তরা ককটেল ও ইটের খোয়া নিক্ষেপ করেছে। শনিবার (২৮ নভেম্বর) রাত আটটার দিকে মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো প্রাণহানি না ঘটলেও চারজন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
ছাত্রদল সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন। মিছিলটি আব্দুল হামিদ সড়কের মুক্তিযোদ্ধা মার্কেট অতিক্রম করার সময় ভবনের উপর থেকে মিছিল লক্ষ্য করে একটি ককটেল ও ইটের খোয়া ছুঁড়ে মারা হয়। নিক্ষিপ্ত ইটের খোয়া লেগে সাদ্দাম হোসেন আঘাতপ্রাপ্ত হলেও ককটেলটি বিস্ফোরিত না হওয়ায় বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
হামলাটি মার্কেট ভবনের উপর থেকে চালানো হয়েছে বুঝতে পেরে ছাত্রদলের নেতাকর্মীরা দ্রুত ভবনটি ঘিরে ফেলেন এবং ভেতরে থাকা চারজন সন্দেহভাজনকে আটক করে রাখেন। পরে খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল সেখানে পৌঁছে সন্দেহভাজন চারজনকে হেফাজতে নিয়ে যায়।
ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে জেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন বলেন, সারাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা চালাচ্ছে। তাদের প্রতিবাদের মিছিলে আমাদের ওপর ককটেল ও খোয়া নিক্ষেপ করা হয়। আমরা তাৎক্ষণিক চারজন সন্দেহভাজনকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছি। ফ্যাসিস্ট আওয়ামী লীগের এমন কর্মকাণ্ড নতুন নয়, আমরা রাজপথে ছিলাম এবং থাকব।
পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মার্কেটের ভেতরে আটকে রাখা চারজনকে নিজেদের হেফাজতে নিয়ে এসেছে। আটককৃতদের পরিচয়, ওই স্থানে তাদের অবস্থান এবং এ ঘটনায় সম্পৃক্ততার বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ চলছে। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (২৮ নভেম্বর) রাত ৮টার দিকে পাবনা শহরের আব্দুল হামিদ সড়কে মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

