কিশোর মোতালেব হত্যা মামলায় সাঈদ খোকন আবারও ২ দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর ধানমন্ডি এলাকায় কিশোর আবদুল মোতালেব হত্যা মামলায় গ্রেফতার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য তৃতীয় দফায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত উভয় পক্ষের শুনানি শেষে এই নির্দেশ দেন। আদালত প্রাঙ্গণে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী।

এর আগে দুই দফায় মোট ১২ দিনের রিমান্ড শেষে আসামিকে ঢাকার বিচারিক আদালতে হাজির করা হয়। পরবর্তীতে মামলার সুষ্ঠু তদন্ত ও রহস্য উদঘাটনের স্বার্থে সাঈদ খোকনকে পুনরায় পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা রমনা গোয়েন্দা বিভাগের পরিদর্শক (নিরস্ত্র) মো. সুজন হক।

তদন্তকারী কর্মকর্তা রিমান্ড আবেদনে উল্লেখ করেন, ইতিপূর্বে ডিবি কার্যালয়ে আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হলেও সাঈদ খোকন ঘটনার মূল সত্যতা এড়িয়ে নানা বিভ্রান্তিকর তথ্য প্রদান করেছেন। এছাড়া মামলার এজাহারনামীয় পলাতক আসামিদের অবস্থান বা আত্মগোপন সংক্রান্ত বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বেশিরভাগ ক্ষেত্রেই নীরব ভূমিকা পালন করেন। তাই তার দেওয়া এসব সাংঘর্ষিক তথ্যের সত্যতা নিরূপণ, পলাতক আসামিদের গ্রেফতার, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করার প্রয়োজনে আসামিকে আবার পুলিশি হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা জরুরি।

আদালতে শুনানিকালে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ড মঞ্জুরের পক্ষে আবেদন জানানো হয়। উভয় পক্ষের যুক্তিতর্ক পর্যালোচনা করে বিচারক সাঈদ খোকনের দুই দিনের রিমান্ড মঞ্জুরের আদেশ দেন।

এর আগে গত ১৭ নভেম্বর সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি-১) সাঈদ খোকনকে আটক করে এবং পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। ওই দিনই সন্ধ্যায় আদালত প্রথমবারের মতো তাকে সাত দিনের রিমান্ডে পাঠায়। পরবর্তীতে দ্বিতীয় দফায় গত ২৪ নভেম্বর আদালত সাঈদ খোকনের আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিল।

মামলার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালে ধানমন্ডির জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় মিছিল চলাকালে গুলিবিদ্ধ হয়ে মারা যান কিশোর আবদুল মোতালেব। আওয়ামী লীগ সরকার পতনের পর গত ২৬ আগস্ট নিহতের বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় এই হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয়। সাঈদ খোকন উক্ত মামলার ২৯ নম্বর এজাহারনামীয় আসামি।