যান্ত্রিক ত্রুটির সংকেত পাওয়ায় ঢাকা থেকে জেদ্দাগামী ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটের উড্ডয়ন বাতিল করা হয়েছে। তবে উড়োজাহাজে আগুন লাগার কোনো ঘটনা ঘটেনি বলে বেসরকারি এই উড়োজাহাজ সেবাদাতা সংস্থাটি নিশ্চিত করেছে। ইউএস-বাংলা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ রোববার বিকেল ৪টা ১০ মিনিটে বিএস-৩৬১ ফ্লাইটটির উড্ডয়নের ঠিক আগমুহূর্তে ককপিটে যন্ত্রের নির্দেশনায় অসংগতি দেখা দিলে পাইলট উড্ডয়ন বাতিলের সিদ্ধান্ত নেন।
ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ইনস্ট্রুমেন্ট ইন্ডিকেশন মিসম্যাচ হওয়ার কারণে ককপিটে যান্ত্রিক ত্রুটির নির্দেশনা আসার সঙ্গে সঙ্গেই পাইলট ইন কমান্ড যাত্রা বাতিলের সিদ্ধান্ত নেন। উড্ডয়ন বাতিলের সময় রানওয়ের সঙ্গে চাকার অতিরিক্ত ঘর্ষণে ধোঁয়া তৈরি হয়। তবে উড়োজাহাজের ইঞ্জিন, চাকা, ল্যান্ডিং গিয়ার বা অন্য কোনো যন্ত্রাংশে আগুন লাগেনি বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
নির্ধারিত নিরাপত্তা প্রক্রিয়া অনুসরণ করে উড়োজাহাজটি রানওয়ে থেকে পার্কিং এলাকায় নেওয়া হয় এবং সব যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়। বর্তমানে ফ্লাইটের সব যাত্রী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে সুস্থ ও নিরাপদে রয়েছেন। তাঁদের নিয়ে কিছুক্ষণের মধ্যে সংস্থাটির আরেকটি উড়োজাহাজ জেদ্দার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

