কোনো দেশপ্রেমিক মানুষ আ.লীগ করতে পারে না: আমান আযমী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের ছেলে ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দল নয় বরং একটি কাল্ট বা ‘ধর্ম’ হিসেবে অভিহিত করেছেন। রোববার রাজধানীর সেগুনবাগিচার বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) কনফারেন্স হলে জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ) আয়োজিত ‘গণমাধ্যমে ফ্যাসিবাদের দৌরাত্ম্য ও অসহিষ্ণু রাজনৈতিক হালচাল; জুলাই গণঅভ্যুত্থানের অংশীজনদের করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। তিনি দাবি করেন, ফ্যাসিবাদ আওয়ামী লীগের ডিএনএর মধ্যে মিশে গেছে এবং এটি একটি ফ্যাসিস্ট ডিএনএ।

আমান আযমী বলেন, এই ফ্যাসিবাদী চরিত্র নতুন কিছু নয়। ১৯৬৯ সালে শহীদ মালেককে হত্যার প্রসঙ্গ টেনে তিনি জানান, ১৯৭০ সালে তার বাবাকে হত্যার উদ্দেশ্যে পল্টন ময়দানে আক্রমণ চালানো হয়েছিল, যেখানে তাকে বাঁচাতে গিয়ে দুজন শহীদ হয়েছিলেন। আওয়ামী লীগের সমর্থক ও ভোটারদের বিষয়ে কঠোর অবস্থান ব্যক্ত করে সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, আমার কাছে বিষয়টি খুবই পরিষ্কার যে, তিন শ্রেণির মানুষ কখনো আওয়ামী লীগ হতে পারে না—প্রথমত, কোনো ভালো মানুষ আওয়ামী লীগ বা এর সমর্থক ও ভোটার হতে পারে না; দ্বিতীয়ত, কোনো ভালো মুসলমান আওয়ামী লীগের সমর্থক হতে পারে না; এবং তৃতীয়ত, কোনো দেশপ্রেমিক মানুষ আওয়ামী লীগ করতে পারে না।

বক্তব্যে মূলধারার কিছু গণমাধ্যমের কঠোর সমালোচনা করে আমান আযমী বলেন, গণমাধ্যম মানুষের মনোজগৎ নিয়ন্ত্রণ করে। ফ্যাসিবাদের দোসর কিছু গণমাধ্যম আবার নতুন রূপে ফিরে আসার চেষ্টা করছে। বড় রাজনৈতিক দলের নেতারা এসব গণমাধ্যমের অনুষ্ঠানে গিয়ে হাসিমুখে কথা বলায় তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং দেশ ও সংস্কৃতিকে বাঁচাতে ফ্যাসিবাদী গণমাধ্যমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

জুলাই গণ-অভ্যুত্থানের ঐক্য ধরে রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করেছিল আমার বাবার সঙ্গে বৈঠক ও সমর্থনের মাধ্যমে, ২০০১ সালেও জোটের মাধ্যমে সরকার গঠিত হয়েছিল। ১৯৯১ থেকে ২০২৪ পর্যন্ত যারা একত্রে ছিলেন, গত আট-নয় মাসে কেন আপনারা তাদের দূরে ঠেলে দিচ্ছেন? এখন ঘরে আগুন লেগে গেছে, নৌকা ফুটো হয়ে গেছে। কে আগুন লাগিয়েছে তা নিয়ে চিৎকার না করে আগে আমাদের সবাইকে মিলে নৌকার ফুটো বন্ধ করতে হবে এবং ঘরের আগুন নেভাতে হবে।