জামালপুরে নিষিদ্ধ কার্যক্রমের সাথে জড়িত আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের নানা কর্মকাণ্ডে জনমনে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শনিবার জেলাজুড়ে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিল, সড়ক ও রেলপথে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ এবং একের পর এক বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করছে এবং এখন পর্যন্ত ৯০ জনেরও বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার সকালে সরিষাবাড়ীর জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট বাজারের এক পান ব্যবসায়ীর চৌকির নিচে লাল স্কচটেপে মোড়ানো বোমাসদৃশ একটি বস্তু পাওয়া যায়। বস্তুটির গায়ে ‘সাবধান, বিপজ্জনক, দূরে থাকুন’ লেখা ছিল। খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে। একই দিন অ্যাডভোকেট মতিউর রহমান তালুকদার রেলওয়ে স্টেশন এলাকার সামনেও স্থানীয়রা একই ধরনের আরও একটি বস্তু দেখতে পান। জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ইয়াহিয়া আল মামুন জানান, উদ্ধার করা বস্তু দুটি নিষ্ক্রিয় করা হয়েছে এবং এসব ঘটনা জনমনে আতঙ্ক ছড়ানোর কোনো ষড়যন্ত্র কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন।
একইদিন সকাল সোয়া ১০টার দিকে জামালপুর শহরের জামালপুর-দেওয়ানগঞ্জ বাইপাস সড়কের চন্দ্রা এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, চন্দ্রা মিয়া বাড়ি রোডের একটি গলি থেকে মিছিলটি শুরু হয়ে বাইপাস সড়ক প্রদক্ষিণ করে কম্পপুর মোড়ে গিয়ে শেষ হয়। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানিয়েছেন, মিছিলকারীদের কাউকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব না হলেও তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

