মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জেলা তদারকির দায়িত্ব নিয়ে হাইকোর্টে রিট

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের জেলাভিত্তিক সরকারি কার্যাবলি তদারকি ও সমন্বয়ের জন্য দায়িত্ব বণ্টন–সম্পর্কিত সিদ্ধান্তের বৈধতা নিয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। আজ রোববার সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামীর ১১ জন সংসদ সদস্য আবেদনকারী হয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিটটি দায়ের করেন।

গত ২৭ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের ৬৪ জেলায় সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের জন্য ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপকে দায়িত্ব দেয়। প্রজ্ঞাপন অনুযায়ী, দায়িত্বপ্রাপ্তরা সংশ্লিষ্ট জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহি এবং উন্নয়নমূলক কার্যক্রম দেখভাল করবেন।

রিট আবেদনকারী অন্যতম সংসদ সদস্য ও পাবনা-১ আসনের প্রতিনিধি মোহাম্মদ নাজিবুর রহমান জানিয়েছেন, ২৭ আগস্ট জারি করা ওই প্রজ্ঞাপনের বৈধতাকে চ্যালেঞ্জ করেই এই রিট করা হয়েছে। রিটে মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনটিকে কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল চাওয়া হয়েছে। একইসঙ্গে রুল বিচারাধীন থাকা অবস্থায় প্রজ্ঞাপনটির কার্যক্রম স্থগিত রাখার আবেদন জানানো হয়েছে। রিটে মন্ত্রিপরিষদ বিভাগের সচিবকে বিবাদী করা হয়েছে।

আবেদনকারীদের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির গণমাধ্যমকে জানান, ২০০১ সালেও একইভাবে জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন করা হয়েছিল, যা পরবর্তীতে হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয়। সেই মামলায় হাইকোর্ট বিভাগ দায়িত্ব বণ্টনসংক্রান্ত সিদ্ধান্তকে অসাংবিধানিক ঘোষণা করেছিলেন। আইনজীবী শিশির মনির দাবি করেন, রুলস অব বিজনেস, বাংলাদেশের সংবিধান এবং উচ্চ আদালতের রায় অনুযায়ী বর্তমান এই সিদ্ধান্ত আইনগত কর্তৃত্ববহির্ভূত ও বেআইনি।

রিটকারী অন্য সংসদ সদস্যরা হলেন ঢাকা-১৪ আসনের মীর আহমাদ বিন কাসেম, রংপুর-৫ আসনের মো. গোলাম রব্বানী, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. নূরুল ইসলাম, চুয়াডাঙ্গা-১ আসনের মো. মাসুদ পারভেজ, যশোর-১ আসনের মুহাম্মাদ আজীজুর রহমান, বাগেরহাট-২ আসনের শেখ মনজুরুল হক (রাহাদ), পটুয়াখালী-২ আসনের মো. শফিকুল ইসলাম, শেরপুর-১ আসনের মো. রাশেদুল ইসলাম রাশেদ, গাজীপুর-৪ আসনের সালাহ উদ্দিন এবং চট্টগ্রাম-১৬ আসনের মোহাম্মদ জহিরুল ইসলাম।