কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে সর্বমোট ১৩৩ কোটি ২১ লাখ ৮০ হাজার ৫৬৪ টাকা জমা হয়েছে। এর বাইরে মসজিদের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন ও মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে অনুদান হিসেবে আরও ৪৪ লাখ ৯ হাজার ৯৩৬ টাকা সংগৃহীত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে পাগলা মসজিদ কমপ্লেক্স পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক সোহানা নাসরিন এই তথ্য নিশ্চিত করেন।
এর আগে সকাল ৭টায় দীর্ঘ চার মাস ২৪ দিন পর মসজিদের দানবাক্সগুলো খোলা হয়। এবার ১০টি স্থায়ী সিন্দুক ও পাঁচটি অস্থায়ী ট্যাংক থেকে মোট ১৫ বস্তা টাকা উদ্ধার করা হয়। সর্বশেষ গত ২৭ জুন দানবাক্স খোলা হয়েছিল, তখন ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৫৬ টাকা পাওয়া গিয়েছিল। নিয়ম অনুযায়ী, দানবাক্সের টাকা গণনার পর তা ব্যাংকে জমা দেওয়া হয়। পাশাপাশি প্রাপ্ত স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রা জেলা ট্রেজারিতে সিলগালা অবস্থায় রাখা হয়।
গত ১২ অক্টোবর ট্রেজারির সিলগালা খোলার পর গণনা করে প্রায় ১ হাজার ৪৪ ভরি ১৪ আনা ৪ রতি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা এবং ১৭টি দেশের বৈদেশিক মুদ্রা পাওয়া গিয়েছিল। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বৈদেশিক মুদ্রাগুলো নগদায়ন করে ৬৫ লাখ ৬২ হাজার ৭২৪ টাকা পাওয়া গেছে।
জেলা প্রশাসক সোহানা নাসরিন জানান, আধুনিক মসজিদ কমপ্লেক্স নির্মাণের অংশ হিসেবে বর্তমান মসজিদ ও কবরস্থানের মধ্যবর্তী ৫৩ দশমিক ৭৭ শতাংশ জমি মসজিদের নামে ক্রয় করা হয়েছে এবং কমপ্লেক্সের নান্দনিক নকশা তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে। মসজিদের তহবিল থেকে কমপ্লেক্সের মাদরাসার এতিম ও অসহায় শিক্ষার্থীদের যাবতীয় ব্যয়ভার বহন করা হয়। এছাড়া মসজিদের ৩৫ জন কর্মচারী ও ১০ জন আনসার সদস্যের বেতন, বিদ্যুৎ বিলসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে এই অর্থ ব্যয় হয়। তহবিলের লভ্যাংশ থেকে জেলার দরিদ্র রোগীদের চিকিৎসায় অনুদান দেওয়া হয়। উল্লেখ্য, এই মসজিদের মাদরাসা থেকে এখন পর্যন্ত ২৫০ জন শিক্ষার্থী হাফেজ হয়েছেন।
দানবাক্স খোলার এই বিশাল কর্মযজ্ঞে জামিয়া ইমদাদিয়া মাদরাসার ৩০০ জন, পাগলা মসজিদ মাদরাসার ৯০ জন শিক্ষার্থী, রূপালী ব্যাংকের ১৫০ জন কর্মকর্তা, মসজিদের ৩৫ জন কর্মচারী এবং জেলা প্রশাসনের ২৪ জন কর্মচারী সহায়তা করেন। পুরো কার্যক্রমের নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় জেলা প্রশাসন, পুলিশ, আনসার ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন।

