রেমিট্যান্স-রিজার্ভে গতি হলেও বেসরকারি ঋণপ্রবৃদ্ধি ইতিহাসের সর্বনিম্নে

দেশের বৈদেশিক খাতের সূচকগুলোতে স্বস্তির খবর থাকলেও অভ্যন্তরীণ বিনিয়োগ ও উৎপাদনের চিত্র ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে। প্রবাসীদের পাঠানো আয়, রফতানি আয় ও বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক গতি থাকা সত্ত্বেও বেসরকারি খাতে ঋণের চাহিদা তলানিতে গিয়ে ঠেকেছে। ব্যাংকিং খাতে জমা হয়েছে বিপুল উদ্বৃত্ত অর্থ, কিন্তু উদ্যোক্তাদের নতুন বিনিয়োগ বা ব্যবসা সম্প্রসারণে অনাগ্রহের কারণে বেসরকারি ঋণের প্রবৃদ্ধি নেমে এসেছে ৪ দশমিক ১৭ শতাংশে, যা বাংলাদেশের ইতিহাসে সর্বনিম্ন।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, গত সেপ্টেম্বর শেষে বেসরকারি খাতে ঋণপ্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৪ দশমিক ১৭ শতাংশে। ১৯৯৩-৯৪ অর্থবছর থেকে সংরক্ষিত তথ্যের মধ্যে এত কম প্রবৃদ্ধির নজির আর নেই। এর আগে চলতি বছরের জুনে প্রবৃদ্ধি কমে ৪ দশমিক ৪৭ শতাংশে নামলে তা রেকর্ড হিসেবে চিহ্নিত হয়। জুলাইয়ে তা সামান্য বেড়ে ৪ দশমিক ৬২ শতাংশ এবং আগস্টে ৪ দশমিক ৭৫ শতাংশ হলেও সেপ্টেম্বরে আবারও তা রেকর্ড নিচে নেমে যায়। একসময় এ প্রবৃদ্ধি নিয়মিত দুই অঙ্কের ঘরে থাকলেও ২০২৪ সালের জুলাইয়ে তা ছিল ১০ দশমিক ১৩ শতাংশ। এরপর থেকে তা ধারাবাহিকভাবে কমতে থাকে এবং চলতি বছরের মার্চে প্রথমবারের মতো ৫ শতাংশের নিচে নেমে আসে।

ঋণপ্রবৃদ্ধির এই তলানি স্পর্শ করার পেছনে উচ্চ মূল্যস্ফীতি, ঋণের চড়া সুদহার, বিদ্যুৎ ও গ্যাসের সংকট এবং বিনিয়োগ পরিবেশের সার্বিক অনিশ্চয়তা কাজ করছে। গত আগস্টের তথ্যানুযায়ী, ব্যাংকগুলোতে ঋণের গড় সুদহার দাঁড়িয়েছে ১১ দশমিক ৮৩ শতাংশ এবং আমানতের গড় সুদহার ছিল ৬ দশমিক ১৬ শতাংশ। চড়া সুদে ঋণ নিয়ে ব্যবসা করা এবং কাঁচামাল, বিদ্যুৎ, গ্যাস ও পরিবহন ব্যয়ের বাড়তি চাপ সামলে নতুন কারখানা স্থাপন বা উৎপাদন বাড়ানো অনেক উদ্যোক্তার জন্যই কঠিন হয়ে পড়েছে।

অন্যদিকে বেসরকারি ঋণ না বাড়ায় ব্যাংকিং খাতে অলস অর্থ জমা হচ্ছে। গত আগস্ট শেষে ব্যাংকগুলোতে উদ্বৃত্ত তারল্যের পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ৪১ হাজার ৯৫৪ কোটি টাকায়। সাধারণত তারল্য বাড়লে ঋণ দেওয়ার সক্ষমতা বাড়ে, তবে নতুন বিনিয়োগের আকাক্সক্ষা না থাকায় এই অর্থ অর্থনীতিতে ভূমিকা রাখতে পারছে না। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) মহাপরিচালক এজাজুল ইসলাম জানান, আমানতের প্রবৃদ্ধি ১০ শতাংশের বেশি হলেও ঋণের প্রবৃদ্ধি ৫ শতাংশের নিচে। ফলে ব্যাংকগুলোর কেন্দ্রীয় ব্যাংক বা আন্তঃব্যাংক বাজার থেকে স্বল্পমেয়াদি ধারের প্রয়োজন কমছে, যা স্পষ্টভাবেই বিনিয়োগ চাহিদার দুর্বলতাকে নির্দেশ করে।

বাণিজ্যিক ব্যাংকের ব্যাংকাররা জানাচ্ছেন, খেলাপি ঋণের অনাদায়ী সুদ হিসোবের স্থিতিতে যুক্ত হওয়ায় প্রবৃদ্ধির কিছুটা হিসাব দেখানো হলেও বাস্তবে নতুন ঋণ বিতরণের পরিমাণ আরও কম। নাম প্রকাশে অনিচ্ছুক একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জানান, বৈশ্বিক ও অভ্যন্তরীণ বাজারে পণ্যের চাহিদা কমে যাওয়ায় এবং পর্যাপ্ত গ্যাস সরবরাহের নিশ্চয়তা না থাকায় নতুন উৎপাদন বা ব্যবসা সম্প্রসারণের ঝুঁকি নিতে চাচ্ছেন না ব্যবসায়ীরা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি নভেম্বরে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬ দশমিক ২৫ বিলিয়ন ডলার বা ৩৬ হাজার ২৫৪ দশমিক ০১ মিলিয়ন ডলারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ নিয়ম অনুযায়ী তা ৩১ দশমিক ৩৯ বিলিয়ন ডলার বা ৩১ হাজার ৩৮৭ দশমিক ১২ মিলিয়ন ডলার। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (১ জুলাই থেকে ১ নভেম্বর) প্রবাসী আয় এসেছে ১১ হাজার ৬৮৭ মিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ১৪ দশমিক ৭ শতাংশ বেশি। শুধু ১ নভেম্বর এক দিনেই রেমিট্যান্স এসেছে ২২২ মিলিয়ন ডলার। এছাড়া প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) রফতানি আয় ৫ দশমিক ৮৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭০৯ কোটি ডলারে, যার প্রায় ৮০ শতাংশ এসেছে তৈরি পোশাক খাত থেকে।

অর্থনীতির ঐতিহাসিক গতিপথ বিশ্লেষণ করলে দেখা যায়, করোনা মহামারির আগে ও পরে দেশের ঋণপ্রবৃদ্ধিতে বড় ধরনের ওঠানামা হয়েছে। ১৯৯৩-৯৪ অর্থবছরে ৮ দশমিক ৫৭ শতাংশ প্রবৃদ্ধির পর ১৯৯৪-৯৫ অর্থবছরে তা সর্বোচ্চ ২৬ দশমিক ৬৬ শতাংশে উঠেছিল। পরবর্তীতে ২০০৭-০৮ অর্থবছরে ২৫ দশমিক ১৫ শতাংশ পর্যন্ত ওঠে। করোনা মহামারির প্রভাবে ২০১৯-২০ অর্থবছরে ৮ দশমিক ৬১ শতাংশ এবং ২০২০-২১ অর্থবছরে ৮ দশমিক ৩৫ শতাংশে নামার পর ২০২১-২২ অর্থবছরে তা ১৩ দশমিক ৬৬ শতাংশে ঘুরে দাঁড়ায়। কিন্তু ২০২২-২৩ অর্থবছরে ১০ দশমিক ৫৭ শতাংশ, ২০২৩-২৪ অর্থবছরে ৯ দশমিক ৮৪ শতাংশ এবং ২০২৪-২৫ অর্থবছরে তা কমে ৬ দশমিক ৪৯ শতাংশে নেমে আসে, যা বর্তমানে ৪ দশমিক ১৭ শতাংশে ঠেকেছে।

বিশেষজ্ঞরা বলছেন, করোনা, ২০২২ সালের রাশিয়া-ইউক্রেন যুদ্ধজনিত জ্বালানি ও ডলার সংকট, উচ্চ মূল্যস্ফীতি এবং ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তন-পরবর্তী অনিশ্চয়তা বেসরকারি খাতকে থমকে দিয়েছে। বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন মনে করেন, রিজার্ভ বাড়ার পাশাপাশি উদ্যোক্তাদের আস্থা ফেরানো, সহজ শর্তে ঋণ, নিরবচ্ছিন্ন জ্বালানি নিশ্চিত করা এবং ব্যাংক, রাজস্ব ও জ্বালানি খাতে কার্যকর সংস্কার জরুরি। বিশ্বব্যাংকের তথ্য তুলে ধরে তিনি জানান, ২০২৫-২৬ অর্থবছরে প্রায় ২১ লাখ মানুষ নতুন করে দারিদ্র্যের শিকার হয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান বলেন, শিল্প সম্প্রসারণ থমকে থাকায় প্রতিবছর শ্রমবাজারে আসা বিপুল তরুণদের জন্য মানসম্মত কর্মসংস্থান তৈরি হচ্ছে না। অর্থনীতির নীতিমালায় কর্মসংস্থানকে কেন্দ্রে রেখে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) উন্নয়ন এবং শুধু পোশাক খাতের ওপর নির্ভর না করে রফতানি পণ্য বহুমুখী করার ওপর জোর দেন তিনি। কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলোর মাধ্যমে ৬০ হাজার কোটি টাকার কম সুদের প্রণোদনা প্যাকেজ দিলেও বিনিয়োগ পরিবেশ ও উৎপাদনমুখী চাহিদা পুনরুদ্ধার ছাড়া অর্থনৈতিক অগ্রগতির গতি ফেরানো কঠিন হবে।