জয় বাংলা স্লোগান নিয়ে হুমায়ুন কবিরের কড়া হুঁশিয়ারি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির মন্তব্য করেছেন যে, ‘জয় বাংলা’ স্লোগানটি বর্তমানে পালিয়ে যাওয়া সন্ত্রাসী ও নৈরাজ্যকারীদের স্লোগানে পরিণত হয়েছে। তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘জয় বাংলা কইলেই বাংলাদেশ ছাড়তে হবে।’ তিনি আরও যোগ করেন যে, ওসমানীনগর ও বিশ্বনাথসহ বাংলাদেশের কোনো স্থানেই সন্ত্রাসীদের কোনো স্থান নেই এবং তাদের বিরুদ্ধে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।

শনিবার (২১ নভেম্বর) সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর, বুরুঙ্গা বাজার ও গোয়ালাবাজারে আয়োজিত তিনটি পৃথক কর্মসূচিতে অংশ নিয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, দুই-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত বিএনপি সরকার জনগণের পূর্ণ সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছে। কোনো পলাতক সন্ত্রাসী গোষ্ঠী দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে সফল হবে না। সরকার বর্তমানে ধৈর্যের পরিচয় দিচ্ছে এবং অপরাধীদের সংশোধনের সুযোগ দিচ্ছে। তবে এতে কাজ না হলে জনগণকে সঙ্গে নিয়ে কঠোর হাতে তাদের দমন করা হবে বলে তিনি জানান।

প্রতিমন্ত্রী সবাইকে নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। কোনো অপশক্তি যাতে দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলেন তিনি।

শনিবার দুপুরে সিলেট নগরী থেকে ওসমানীনগরের উদ্দেশে রওনা হন প্রতিমন্ত্রী। তার বাসার ফটকে পেট্রলবোমা নিক্ষেপ এবং পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে তাজপুর বাজারে আয়োজিত বিক্ষোভ মিছিল ও পথসভায় তিনি যোগ দেন। এই কর্মসূচিটি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক জ্যেষ্ঠ সদস্য সৈয়দ এনামুল হকের নেতৃত্বে আয়োজিত হয়।

এরপর বুরুঙ্গা বাজারে একটি এনজিও সংস্থার প্রকল্প উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। সেখান থেকে ফেরার পথে প্রয়াত গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমানের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে শোক ও সমবেদনা জানান। বিকেলে গোয়ালাবাজারে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন তিনি। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক ও মোড় প্রদক্ষিণ শেষে উত্তর গোয়ালাবাজারে পথসভায় মিলিত হয়। এতে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।