বাংলাদেশে অনলাইন স্ক্যাম ও চোরাচালানে ৬৩৩ বিদেশি গ্রেপ্তার

বাংলাদেশে ব্যবসা, ভ্রমণ ও অন-অ্যারাইভাল ভিসায় এসে মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে থেকে যাওয়া এবং অনলাইন প্রতারণা, মাদক পাচার, সোনা চোরাচালানসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন একশ্রেণির বিদেশি নাগরিক। ২০২৪ সালের ৫ আগস্ট থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ২৬ মাসে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন দেশের ৬৩৩ জন নাগরিককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন ভারতের নাগরিক, যার সংখ্যা ৩৪৬।

পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য পর্যালোচনা করে দেখা যায়, ভারতে পর অপরাধে জড়িয়ে গ্রেপ্তারের তালিকায় শীর্ষে রয়েছে মিয়ানমারের ৬২ জন, তাইওয়ানের ৬১ জন, লাওসের ৩৫ জন, পাকিস্তানের ২৪ জন এবং চীনের ২২ জন নাগরিক। এছাড়া নাইজেরিয়া, সোমালিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম ও নেপালসহ আরও একাধিক দেশের ৮৩ জন নাগরিক গ্রেপ্তার হয়েছেন। তাঁদের বিরুদ্ধে ভুয়া ক্রিপ্টোকারেন্সি ও ভুয়া বিনিয়োগ স্কিম চালানো, আন্তর্জাতিক 'স্ক্যাম সেন্টার' পরিচালনা, অনলাইন ক্যাসিনো, মোবাইল ব্যাংকিং জালিয়াতি, ব্যাংক এটিএম ও ক্রেডিট কার্ড জালিয়াতি, জাল মুদ্রা তৈরি, অবৈধ ভিওআইপি ব্যবসা এবং অর্থ ও মানব পাচারের গুরুতর অভিযোগ রয়েছে।

সর্বশেষ গত ১১ নভেম্বর সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী মিনাটিলা এলাকায় বাংলাদেশ সীমানার প্রায় ১৫০ গজ ভেতরে প্রবেশ করলে বাতিম তুতা (২৮) ও টেম্পো (২০) নামের দুই ভারতীয় নাগরিককে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাঁদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, ৩৫ রাউন্ড গুলি ও দুটি দা উদ্ধার করা হয়। এর আগে গত ২৭ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে আসা দুই ভারতীয়কে ৫ কেজি ১২০ গ্রাম 'কুশ' মাদকসহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আগস্ট মাসেরই ২২ ও ২৪ তারিখে পৃথক অভিযানে আরও ৩ জন ভারতীয় নাগরিককে ৮ কেজি কুশসহ গ্রেপ্তার করা হয়।

পুলিশের বিশেষ শাখার (এসবি) হিসাব অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ২৬ মাসে বিভিন্ন দেশ থেকে ২২ লাখ ৬৮ হাজার ৬৫ জন নাগরিক বাংলাদেশে এসেছিলেন। এর মধ্যে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে অবস্থান করছেন ১২৬টি দেশের ৭ হাজার ৮৮ জন বিদেশি। অবৈধভাবে অবস্থানকারীদের মধ্যেও সবচেয়ে বেশি ২ হাজার ১৬৪ জন ভারতীয় এবং ১ হাজার ৯৯৫ জন চীনের নাগরিক। অবৈধভাবে থাকা বিদেশিদের বড় একটি অংশ ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, কক্সবাজার, পাবনা, কুমিল্লা ও নারায়ণগঞ্জের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। অনেকেই ধরা পড়া এড়াতে পাসপোর্ট নষ্ট করে ফেলা বা হারানোর জিডি করে মামলার দীর্ঘসূত্রতার সুযোগ নিচ্ছেন।

সম্প্রতি দেশে কম্বোডিয়া ও মিয়ানমারের আদলে 'স্ক্যাম সেন্টার' বা অনলাইন প্রতারণা কেন্দ্র গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে বিদেশি অপরাধী চক্রগুলো। গত ১১ সেপ্টেম্বর চট্টগ্রাম নগরের খুলশী থানার জালালাবাদ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে একটি বহুতল ভবন থেকে আন্তর্জাতিক স্ক্যাম সেন্টার পরিচালনার অভিযোগে ৭০ জন বিদেশি নাগরিককে আটক করে পুলিশ, উদ্ধার করা হয় ১৭০টি ইলেকট্রনিক ডিভাইস। এর আগে ৩ সেপ্টেম্বর রাতে কক্সবাজার শহরের একটি হোটেল থেকে একই ধরনের চক্রের ৬ জন বিদেশিকে গ্রেপ্তার করা হয়। দুই ঘটনায় গ্রেপ্তারদের মধ্যে চীন, পাকিস্তান, লাওস, নেপাল, ভিয়েতনাম ও তাইওয়ানের নাগরিক রয়েছেন।

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আহসান হাবীব পলাশ জানান, একটি চক্র বাংলাদেশি নাগরিকদের কম্বোডিয়ায় নিয়ে স্ক্যাম সেন্টার গড়ে তুলেছিল। এখন তারা বাংলাদেশে এসে স্ক্যাম সেন্টার গড়ে তোলার পাঁয়তারা করছে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের কড়া নজরদারিতে রেখেছে। তবে জামিনে মুক্তি পেয়ে অনেক বিদেশি পুনরায় অপরাধে জড়াচ্ছেন বলে জানান তিনি। কারাকর্তৃপক্ষের তথ্যমতে, গ্রেপ্তার বিদেশিদের মধ্যে ১২৭ জন ইতিমধ্যে জামিনে মুক্ত হয়েছেন।

শুধু অনলাইন জালিয়াতি নয়, অন্যান্য অপরাধেও বিদেশিদের জড়িত থাকার তথ্য মিলছে। ক্যানসারসহ জটিল রোগের বিপুল পরিমাণ ওষুধ কুরিয়ারে বিদেশে পাচারের অভিযোগে গত ১৪ অক্টোবর রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে লি ফেন নামের এক চীনা নাগরিকসহ চারজনকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৩)। চক্রটি কম দামে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে কেনা প্রায় সাড়ে সাত কোটি টাকার ওষুধ লাওস, কম্বোডিয়া ও ভিয়েতনামে পাঠাচ্ছিল। গ্রেপ্তার চীনা নাগরিক ৩০ দিনের পর্যটন ভিসায় বারবার বাংলাদেশে এসে এই অপরাধ করতেন।

একইভাবে ফেসবুকে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে শতাধিক মানুষের থেকে ১৮-২০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ২০২৫ সালের জুলাইয়ে ঢাকার বসুন্ধরা ও পল্লবী থেকে দুই নাইজেরীয় ও তাদের বাংলাদেশি সহযোগীকে গ্রেপ্তার করেছিল র‍্যাব। ২০২৩ সালের আগস্টে অ্যামাজনের ভুয়া ওয়েবসাইট খুলে দৈনিক ২০ মিনিট কাজে মাসে ১৮ হাজার টাকা আয়ের লোভ দেখিয়ে সাবেক এক সরকারি কর্মকর্তার অর্থ আত্মসাতের তদন্তে নেমে চট্টগ্রামের সাতকানিয়া থেকে দুই চীনা নাগরিকসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

এসবির পূর্বের পরিসংখ্যান অনুযায়ী, ২০১৪ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত অপরাধমূলক মামলায় ৩৩ দেশের ৭২৬ জন বিদেশি আসামি হন, যার মধ্যে নাইজেরিয়ার ৯১ জন, পাকিস্তানের ২৮ জন ও ক্যামেরুনের ১৭ জন ছিলেন। ২০২৩ সালের অক্টোবরের হিসাবে ৮৬,৯৬২ জন বিদেশির মধ্যে ৪২,৪২৯ জনের ভিসার মেয়াদ ছিল উত্তীর্ণ। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ জানান, বিদেশিদের অপরাধের মাত্রা এখনো চরম আকার ধারণ করেনি, তবে সরকারের সুনির্দিষ্ট নির্দেশনা পেলেই বড় ধরনের বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আইনের আওতায় আনা হবে।

ওই সময়ে ১৪ দেশের ১৩৭ নাগরিককে গ্রেপ্তার করা হয়।

অবৈধভাবে অবস্থানকারীদের মধ্যে ৫ হাজার ৫৯৭ জন এসেছিলেন অন অ্যারাইভাল ভিসায়।