জাতিসংঘের ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্স (ইজিডিআই) ২০২৬-এর সর্বশেষ প্রতিবেদনে বাংলাদেশ ৩ ধাপ এগিয়ে ১৯৪টি দেশের মধ্যে ৯৭তম স্থানে উঠে এসেছে। এই অগ্রগতির ফলে প্রথমবারের মতো বাংলাদেশ এই সূচকের দুই অঙ্কের র্যাঙ্কিং ব্র্যাকেটে প্রবেশ করতে সক্ষম হয়েছে। এর আগের সংস্করণ ২০২৪ সালে দেশটির অবস্থান ছিল ১০০তম।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্যানুসারে, চলতি বছর বাংলাদেশ সর্বকালের সর্বোচ্চ ০.৬৮৯৩ স্কোর অর্জন করেছে এবং ‘হাই ইজিডিআই’ বা উচ্চ ই-গভর্নমেন্ট ক্যাটাগরিতে নিজেদের অবস্থান ধরে রেখেছে। বৈশ্বিক গড় ইজিডিআই স্কোর ২০২৪ সালের ০.৬৩৮২ থেকে বেড়ে ২০২৬ সালে ০.৬৬৭৫ হয়েছে, যেখানে বাংলাদেশের স্কোর বৈশ্বিক গড়ের চেয়েও বেশি।
সূচকটির বিভিন্ন উপাদানেও বাংলাদেশ রেকর্ড সাফল্য দেখিয়েছে। এর অনলাইন সার্ভিস ইনডেক্স (ওএসআই) স্কোর দাঁড়িয়েছে ০.৮১ এবং টেলিযোগাযোগ অবকাঠামো সূচকে (টিআইআই) স্কোর হয়েছে ০.৬৯। এই সূচকটি মূলত অনলাইন সার্ভিস ইনডেক্স, টেলিকমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার ইনডেক্স এবং হিউম্যান ক্যাপিটাল ইনডেক্স—এই তিন মাত্রার একটি ভারযুক্ত গড়, যা একটি দেশের নাগরিক সেবা প্রদানে ই-গভর্নমেন্ট ব্যবহারের সক্ষমতা ও প্রস্তুতি পরিমাপ করে।
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়াবলী বিভাগ (ইউএন ডেসা) দ্বারা প্রকাশিত ‘২০২৬ ইউএন ই-গভর্নমেন্ট সার্ভে’ অনুযায়ী, ডিজিটাল সরকার র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে দক্ষিণ কোরিয়া। সামগ্রিকভাবে মূল্যায়িত ১৯৪টি দেশের মধ্যে এখন ১৫১টি দেশ উচ্চ বা অত্যন্ত উচ্চ ইজিডিআই শ্রেণির অন্তর্ভুক্ত, যা ২০২৪ সালে ছিল ১৩৮টি দেশ।

