দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে ৩০ ঘণ্টা ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট দ্বিতীয় দফায় সফলভাবে জাতীয় গ্রিডে যুক্ত হয়ে টানা প্রায় ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ সম্পন্ন করেছে। পরীক্ষামূলক এই কার্যক্রমে সঞ্চালন লাইনে সরবরাহ করা বিদ্যুতের আনুমানিক বাজারমূল্য দাঁড়িয়েছে সাত কোটি ৬ লাখ টাকা। এনপিসিবিএল জানিয়েছে, নির্ধারিত পরীক্ষা শেষে মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৫টা ৫ মিনিটে গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ করা হয়।

জাতীয় সঞ্চালন লাইনের সূত্রগুলো নিশ্চিত করেছে, আগের দিন সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে রূপপুরের প্রথম ইউনিট থেকে দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে ধারাবাহিকভাবে বিদ্যুৎ দেওয়া শুরু হয়। এসময় গড়ে প্রায় ৩২০ মেগাওয়াট করে বিদ্যুৎ সরবরাহ করা হয়। শুরুতে ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা থাকলেও কারিগরি স্থিতিশীলতার কারণে নির্ধারিত সময় পেরিয়ে টানা প্রায় ৩০ ঘণ্টা এই কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব হয়।

দ্বিতীয় দফার এই সাফল্য পারমাণবিক প্রযুক্তিতে দেশের বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে একটি নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, টানা এত সময় বিদ্যুৎ দিতে পারা বিদ্যুৎকেন্দ্রটির প্রযুক্তিগত প্রস্তুতি এবং সার্বিক পরিচালন দক্ষতার এক উজ্জ্বল নিদর্শন।

বিদ্যুৎ সরবরাহ সফলভাবে সমাপ্ত হওয়ার পর নিয়ম অনুযায়ী প্রথম ইউনিটটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) জানায়, বিদ্যুৎ সরবরাহ চলাকালীন পাওয়া বিভিন্ন অপারেটিং প্যারামিটার, টারবাইন-জেনারেটর ব্যবস্থা এবং অন্যান্য আনুষঙ্গিক যন্ত্রপাতির পারফরম্যান্স ও কার্যকারিতা বর্তমানে গভীরভাবে বিশ্লেষণ করা হচ্ছে। এসব উপাত্ত বিশ্লেষণের ওপর ভিত্তি করেই পরবর্তী ধাপের পরিচালন কৌশল ও কার্যক্রম ঠিক করা হবে।

এ অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান বলেন, ‘দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডের সঙ্গে সফলভাবে সংযুক্ত হয়ে টানা ৩০ ঘণ্টা ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে পারা আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। এটি এনপিসিবিএলের পরিচালন সক্ষমতা, আমাদের প্রকৌশলী ও অপারেটরদের দক্ষতা এবং রাশিয়ান অপারেশনাল সহযোগীদের সঙ্গে সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন।’

উল্লেখ্য, পাবনার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির দুটি ইউনিট থেকে সর্বমোট দুই হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। কেন্দ্রটির দুটি ইউনিটই পূর্ণাঙ্গ রূপ পেয়ে উৎপাদনে গেলে দেশে জীবাশ্ম জ্বালানির ওপর চাপ কমবে, জাতীয় বিদ্যুৎ উৎপাদনে বহুমুখীকরণ নিশ্চিত হবে এবং দীর্ঘমেয়াদে জাতীয় জ্বালানি নিরাপত্তা সুদৃঢ় করতে তা কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।