চতুর্থ পর্যায়ের ক্যানসারে আক্রান্ত সাবেক সংসদ সদস্য শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা এ কে এম শামীম ওসমান চতুর্থ পর্যায়ের ক্যানসারে আক্রান্ত হয়েছেন। বর্তমানে বিদেশে আত্মগোপনে থাকা সাবেক এই জনপ্রতিনিধি শুক্রবার (২০ নভেম্বর) রাতে একটি অনলাইন টকশোতে অংশগ্রহণ করে নিজেই নিজের এই মরণব্যাধির কথা প্রকাশ করেন।

শারীরিক অসুস্থতার বিবরণ দিয়ে টকশোতে শামীম ওসমান বলেন, 'আমি অসুস্থ, ক্যানসার হয়েছে। আমার ক্যানসার বলা হচ্ছে ফোর্থ স্টেজ।' নিজের জীবনকাল নিয়ে অনিশ্চয়তার কথা তুলে ধরে তিনি আরও বলেন, 'কয়দিন বাঁচব, আমি জানি না। তবে আমার আল্লাহর ওপর বিশ্বাস আছে, আমি বাঁচব।' তার এই অসুস্থতার খবরে অনেকে আনন্দিত হতে পারেন উল্লেখ করে তিনি তাদের প্রতি এমন প্রতিক্রিয়া না দেখানোর আহ্বান জানান। একই সাথে অতীতে একাধিকবার তার ওপর হওয়া হামলা ও হত্যাচেষ্টার ঘটনাও তিনি স্মরণ করেন।

ব্যক্তিগত শারীরিক অবস্থার পাশাপাশি দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন সাবেক এই সংসদ সদস্য। তার মতে, নিজের শারীরিক অসুস্থতার চেয়েও দেশের বর্তমান পরিস্থিতি তাকে বেশি উদ্বিগ্ন করছে। তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, নির্যাতন এবং মুক্তিযুদ্ধের চেতনার অনুসারীদের ওপর অনবরত হামলা চালানো হচ্ছে।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক অবক্ষয় নিয়ে কথা বলতে গিয়ে শামীম ওসমান বলেন, একসময়ে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ গোপালগঞ্জের চেয়েও বেশি শক্তিশালী ও সংগঠিত ছিল। তবে কেন্দ্র থেকে নেওয়া ভুল সিদ্ধান্ত, বিভাজনের রাজনীতি, কোটাভিত্তিক পদায়ন এবং 'পকেট কমিটি' গঠনের কারণে সেখানে দলটি দিন দিন দুর্বল হয়ে পড়েছে। বর্তমানের এই বিপর্যস্ত অবস্থা থেকে দলকে বের করে আনা জরুরি বলেও তিনি মন্তব্য করেন।

টকশোতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে আশাবাদ প্রকাশ করেন শামীম ওসমান। তিনি জানান, সৃষ্টিকর্তা যদি তাকে বাঁচিয়ে রাখেন, তবে শেখ হাসিনার স্বদেশে ফেরার দৃশ্য দেখে তিনি কৃতজ্ঞ থাকবেন; আর তা না হলে সেই আফসোস রেখেই তাকে বিদায় নিতে হবে। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট তীব্র গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে শামীম ওসমান আত্মগোপনে যান এবং পরে গোপনে দেশত্যাগ করেন। জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যাসহ একাধিক মামলার বিচারে আসামি হিসেবে বর্তমানে তার নাম রয়েছে।