আমেরিকায় যেভাবে উন্মোচিত হয় এক দশকের রুশ গুপ্তচর নেটওয়ার্ক

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি, নিউইয়র্ক, ভার্জেনিয়া ও ম্যাসাচুসেটসের শান্ত শহরতলিতে একসময় আর দশটি পরিবারের মতোই সাধারণ জীবনযাপন করতেন তারা। কেউ চাকরিতে যেতেন, কেউ সন্তানদের স্কুলে পাঠাতেন, আবার কেউ নতুন পরিচিতদের সঙ্গে সামাজিক সম্পর্ক গড়ে তুলতেন। তবে সাধারণ এই নাগরিক জীবনের আড়ালে ঢাকা ছিল রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থা এসভিআরের অত্যন্ত সুসংগঠিত একটি নেটওয়ার্ক। গোয়েন্দা পরিভাষায় এরা ‘ইলিগ্যালস’ হিসেবে পরিচিত, যারা কোনো কূটনৈতিক সুরক্ষা বা আনুষ্ঠানিক পরিচয় ছাড়াই বছরের পর বছর ছদ্মবেশে অবস্থান করেন।

দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই অত্যন্ত সতর্কতার সঙ্গে এই ছদ্মবেশী এজেন্টদের নজরদারিতে রাখে। এই দীর্ঘমেয়াদি অনুসন্ধানের নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন ঘোস্ট স্টোরিজ’। ২০১০ সালের ২৬ জুন নিউইয়র্কের একটি কফি শপে এক নারী ও পুরুষের বৈঠকের ওপর এফবিআই নজরদারি চালানোর পরদিনই, অর্থাৎ ২৭ জুন শুরু হয় মূল অভিযান। নিউ জার্সির মন্টক্লেয়ার, ম্যাসাচুসেটসের বোস্টন, ভার্জিনিয়ার আর্লিংটন এবং নিউইয়র্কের ইয়ঙ্কার্সসহ বিভিন্ন শহরের বাড়িতে একযোগে তল্লাশি চালিয়ে এফবিআই ১০ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে।

তদন্তকারীদের মতে, এই এজেন্টদের মূল দায়িত্ব ছিল যুক্তরাষ্ট্রের সমাজ ও নীতি নির্ধারণী মহলে ধীরে ধীরে প্রভাবশালী হয়ে উঠতে পারেন—এমন সম্ভাব্য ব্যক্তিদের চিহ্নিত করা ও সম্পর্ক গড়ে তোলা। গোয়েন্দা পরিভাষায় এই কাজকে বলা হয় ‘স্পটিং অ্যান্ড অ্যাসেসিং’। এফবিআই নিশ্চিত করে যে, বছরের পর বছর যুক্তরাষ্ট্রে বসবাস করলেও এই নেটওয়ার্কের সদস্যরা সরকারের কোনো শ্রেণিবদ্ধ বা গোপনীয় নথিপত্র হস্তগত করতে পারেননি। মূলত ভবিষ্যতে তথ্যের উৎস তৈরির উদ্দেশ্যে তাদের পেছনে দীর্ঘমেয়াদি বিনিয়োগ করেছিল মস্কো।

এজেন্টদের পারস্পরিক যোগাযোগের কৌশলও ছিল অত্যন্ত জটিল ও প্রযুক্তিভিত্তিক। জনসমাগমের মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার সময় কয়েক সেকেন্ডে গোপনে বস্তু বা তথ্য বিনিময়ের বিশেষ কৌশল ব্যবহার করা হতো, যাকে বলা হয় ‘ব্রাশ পাস’। এফবিআই ২০১১ সালের ৩১ অক্টোবর তথ্য অধিকার আইনের আওতায় একগুচ্ছ নথি প্রকাশ করে, যেখানে ২০০৪ সালে নিউইয়র্কে রুশ মিশনের এক কর্মকর্তার সঙ্গে এই চক্রের অর্থসংক্রান্ত যোগাযোগের মূল ব্যক্তি ক্রিস্টোফার মেটসোসের এমন ব্রাশ পাসের ভিডিও দেখা যায়। ২০১০ সালের অভিযানে মেটসোসকে গ্রেপ্তার করা না গেলেও পরে তিনি সাইপ্রাসে আটক হয়ে জামিনে পালিয়ে যান।

যোগাযোগের ক্ষেত্রে এই চক্রটি সাংকেতিক বার্তা, অদৃশ্য কালি, এনক্রিপশন এবং বিশেষ কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করত। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় নিদর্শনগুলোর একটি ছিল আনা চ্যাপম্যানের ল্যাপটপ। নিউইয়র্কে ২০০৯ সালে আসার পর আনা চ্যাপম্যান নতুন পরিচিতদের বলতেন, তিনি আবাসন ব্যবসার সঙ্গে যুক্ত। তিনি একটি অস্থায়ী তারহীন নেটওয়ার্ক তৈরি করে কাছাকাছি অবস্থানরত রুশ কর্মকর্তার কম্পিউটারে সরাসরি বার্তা পাঠাতেন, যা সাধারণ ই-মেইল বা ফোনকলের চিরাচরিত নজরদারি এড়িয়ে যেত। ২০১০ সালের জানুয়ারি থেকে গ্রেপ্তারের আগপর্যন্ত চ্যাপম্যানের এমন ১০টির বেশি যোগাযোগের ঘটনা এফবিআইয়ের নজরদারিতে ধরা পড়ে।

২০১০ সালের ৮ জুলাই ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করা হলে গ্রেপ্তার হওয়া ১০ জনই অবৈধভাবে বিদেশি এজেন্ট হিসেবে কাজ করার ষড়যন্ত্রের কথা স্বীকার করেন। সেদিনই আদালতের নথি ও বিচার বিভাগের বিবরণের মাধ্যমে উঠে আসে তাঁদের ছদ্মবেশের আড়ালে লুকিয়ে থাকা প্রকৃত নাম। আদালতের দেওয়া তথ্যানুযায়ী, নিউ জার্সির রিচার্ড মারফি ও সিনথিয়া মারফির আসল নাম ছিল ভ্লাদিমির গুরিয়েভ ও লিডিয়া গুরিয়েভ। বোস্টনের ডোনাল্ড হাওয়ার্ড হিথফিল্ড ও ট্রেসি লি অ্যান ফোলি ছিলেন আন্দ্রেই বেজরুকভ ও এলেনা ভাভিলোভা। ভার্জিনিয়ার মাইকেল জোটোলি ও প্যাট্রিসিয়া মিলস আসলে মিখাইল কুতসিক ও নাতালিয়া পেরেভেরজেভা। অন্যদিকে ইয়ঙ্কার্সের হুয়ান লাজারোর প্রকৃত নাম ছিল মিখাইল ভাসেনকভ। তবে ভিকি পেলায়েজ, আনা চ্যাপম্যান এবং মিখাইল সেমেনকো নিজেদের প্রকৃত নামেই সেখানে পরিচিত ছিলেন।

আদালতে অপরাধ স্বীকারের পরই দুই দেশের মধ্যে দ্রুত বন্দিবিনিময়ের চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, এই ১০ রুশ এজেন্টকে হস্তান্তরের বিনিময়ে পশ্চিমা গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগের অভিযোগে বন্দি থাকা চারজনকে মুক্তি দিতে রাজি হয় রাশিয়া। এই চারজন ছিলেন রুশ সাবেক গোয়েন্দা কর্মকর্তা আলেকজান্ডার জাপোরোজস্কি ও গেন্নাদি ভাসিলেঙ্কো, সাবেক সামরিক গোয়েন্দা কর্মকর্তা সের্গেই স্ক্রিপাল এবং পারমাণবিক বিশেষজ্ঞ ইগর সুতিয়াগিন। ২০১০ সালের ৯ জুলাই অস্ট্রিয়ার ভিয়েনা আন্তর্জাতিক বিমানবন্দরে শীতল যুদ্ধের পর অন্যতম আলোচিত এই বন্দিবিনিময় সম্পন্ন হয়।

রাশিয়ায় ফিরে যাওয়ার পর এই ১০ জন সদস্যকে বীরোচিত সংবর্ধনা দেওয়া হয়। মস্কোয় গোয়েন্দা সদরে জিজ্ঞাসাবাদের পর তাঁদের সঙ্গে সাক্ষাৎ করেন তৎকালীন প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন। তিনি তাঁদের সঙ্গে ঐতিহ্যবাহী দেশাত্মবোধক গান গেয়ে রাষ্ট্রীয় সম্মানের আশ্বাস দেন। পরবর্তীতে ২০১০ সালের অক্টোবরে ক্রেমলিনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তৎকালীন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ তাঁদের রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত করেন।

স্বদেশে ফেরার পর তাঁদের প্রত্যেকের জন্য নতুন কর্মজীবনের পথ খুলে যায়। ডোনাল্ড হিথফিল্ড ছদ্মনামের আন্দ্রেই বেজরুকভ মস্কোর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক বিশ্ববিদ্যালয় এমজিআইএমও-তে শিক্ষকতা শুরু করেন এবং রাষ্ট্রীয় তেল কোম্পানি রসনেফটের উপদেষ্টা হন। তাঁর স্ত্রী এলেনা ভাভিলোভা যোগ দেন খনিজ প্রতিষ্ঠান নরিলস্ক নিকেলে। গুরিয়েভ দম্পতি কাজ পান দেশের আর্থিক খাতে। অন্যদিকে আনা চ্যাপম্যান হয়ে ওঠেন একজন আলোচিত গণমাধ্যম ব্যক্তিত্ব। তিনি মডেলিং ও টিভি অনুষ্ঠান উপস্থাপনার পাশাপাশি ক্রেমলিনপন্থী যুবসংগঠন ‘ইয়াং গার্ড’-এর নেতৃত্বে যুক্ত হন। আমেরিকার শহরতলির সাধারণ প্রতিবেশী থেকে এভাবে রাশিয়ায় ফিরে তাঁরা পান নতুন রাষ্ট্রীয় স্বীকৃতি।