সশস্ত্র বাহিনী দিবসে সেনাসদরে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান। শনিবার সকালে সেনাসদরে সশস্ত্র বাহিনী বিভাগে সরকারপ্রধানের সঙ্গে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, এসময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলাম উপস্থিত ছিলেন।

এর আগে সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান কুর্মিটেলায় শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিন বাহিনীর প্রধানরা নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা জানান।

১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণের সূচনা করে। সেই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করে প্রতিবছর বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস পালন করে। দিবসটি উপলক্ষে সেনানিবাস, নৌঘাঁটি ও বিমান বাহিনীর ঘাঁটি মসজিদে দেশের কল্যাণ, সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।