পিরোজপুরের জিয়ানগরে সুপারি ও কলা চুরির অভিযোগে এক বৃদ্ধকে কোমরে শিকল বেঁধে এবং গলায় কলার ছড়া ঝুলিয়ে অমানবিক নির্যাতনের ঘটনায় জেলা প্রশাসন ভুক্তভোগীর পাশে দাঁড়িয়েছে। জেলা প্রশাসকের নির্দেশে শনিবার বিকেলে জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. শাহ আলম ভুক্তভোগী বৃদ্ধ রুহুল আমিন আকনের হাতে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় ইন্দুরকানী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন ও ইউপি সদস্য মো. মজনু হোসেন রনি উপস্থিত ছিলেন। প্রশাসনিক কর্মকর্তা শাহ আলম জানিয়েছেন, জেলা প্রশাসক ভুক্তভোগী বৃদ্ধকে পুনর্বাসনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
এর আগে, ২০ নভেম্বর রুহুল আমিনের মেয়ে কুলসুম বেগম ইন্দুরকানী থানায় এ ঘটনায় জড়িত তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। বিবাদীরা হলেন আঃ হালিম (৬০), মো. জব্বার (৫৫) ও নেয়ামত উল্লাহ (২০)। অভিযোগে উল্লেখ করা হয়েছে, আসামিরা বৃদ্ধকে আটকে রেখে মারধর এবং অপমানজনকভাবে রাস্তায় ঘোরানোর মতো অপরাধ করেছেন। অভিযুক্তদের মধ্যে হালিম ও জব্বার কালাইয়া এলাকার এবং নেয়ামত উল্লাহ খোলপটুয়া এলাকার বাসিন্দা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৬ নভেম্বর রাতে প্রতিবেশী হালিম সিকদারের বাগান থেকে সুপারি পাড়ার সময় রুহুল আমিনকে ধরে ফেলেন জব্বার সিকদার। এরপর তাকে শিকল দিয়ে বেঁধে মারধর করা হয়। পরদিন সকালে কোমরে শিকল বাঁধা অবস্থায় গলায় কলার ও সুপারির ছড়া ঝুলিয়ে তাকে খা-এর হাট এলাকায় ঘোরানো হয়। রুহুল আমিনের স্ত্রী মিনারা বেগমের অভিযোগ, তার স্বামীর কাছে ১০ হাজার টাকা জরিমানা দাবি করা হয়েছিল এবং পাঁচ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতিতে তাকে ছাড়িয়ে আনা হয়। তিনি আরও জানান, তার স্বামী মানসিকভাবে সুস্থ নন এবং ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় পরিবারটি সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হচ্ছে।
ভুক্তভোগী রুহুল আমিন বলেন, তাকে বেঁধে মারধর করা হয়েছে এবং গলায় কলা ও সুপারি ঝুলিয়ে ঘোরানোর ভিডিও ভাইরাল করা হয়েছে। তিনি এ ঘটনার জন্য হালিম হুজুর ও জব্বারকে দায়ী করেন। তবে অভিযুক্ত হালিম সিকদারের পরিবারের পক্ষ থেকে ইন্দুরকানী সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল মান্নান সিকদার দাবি করেছেন, তাদের পরিবারের কেউ রুহুল আমিনকে মারধর করেননি। তিনি রুহুল আমিনকে পেশাদার চোর হিসেবে আখ্যায়িত করলেও এভাবে রাস্তায় ঘোরানো সঠিক হয়নি বলে স্বীকার করেন। ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান জানিয়েছেন, ঘটনার ভিডিও দেখার পর পুলিশ তদন্ত শুরু করেছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

