ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯৯

রাজধানীজুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ২৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় চালানো এসব অভিযানে অপরাধীদের গ্রেপ্তারের পাশাপাশি ৩২টি মামলা দায়ের করা হয়েছে। ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ৭৩ জন, তেজগাঁও বিভাগে ৪৮ জন, উত্তরা বিভাগে ৪৭ জন, ওয়ারী বিভাগে ৩৭ জন, মতিঝিল বিভাগে ২৬ জন, রমনা বিভাগে ২৩ জন, লালবাগ বিভাগে ১৯ জন এবং গুলশান বিভাগে ১৮ জন রয়েছেন। এছাড়া গোয়েন্দা বিভাগে চারজন ও এসআরইউ বিভাগে চারজন গ্রেপ্তার হয়েছেন।

অভিযানকালে পুলিশ বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করেছে। জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ২৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৫০ পিস ইয়াবা, চারটি অবিস্ফোরিত ককটেল ও চারটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ। এছাড়া তল্লাশিতে চার বোতল তরল পেট্রোল, পেট্রোলভর্তি দুটি পলিথিনের গোলা, একটি গ্যাসলাইট, ছয়টি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।