ফ্যাসিবাদমুক্ত আত্মমর্যাদাশীল রাষ্ট্র গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

শনিবার ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস হলে আয়োজিত সশস্ত্র বাহিনী দিবসের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, ফ্যাসিবাদমুক্ত বর্তমান বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি অনুকরণীয় এবং আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের অসামান্য অবদানের কথা স্মরণ করে তারেক রহমান বলেন, মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য বিভিন্ন উপাধিতে ভূষিত হওয়া ছাড়াও, একটি জাতির ইতিহাসে স্বাধীনতার জন্য লড়াই করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করা অনন্য এক অর্জন। তিনি বলেন, আজ যারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, তাদের কেউ কেউ সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন বা তাদের পরিবারের কেউ শহীদ হয়েছেন। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারা সবাই সেই গৌরবের অংশীদার। লাখো মানুষের প্রাণ, মা-বোনের সম্ভ্রম এবং অগণিত মানুষের আত্মত্যাগের বিনিময়েই আজকের এই স্বাধীন বাংলাদেশ।

তারেক রহমান বলেন, আমি নিজেও একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে গর্বিত। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের যেকোনো সাফল্য আমাকে আন্দোলিত করে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান নিজেও সশস্ত্র বাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন, যা সশস্ত্র বাহিনীর জন্য একটি গৌরবের বিষয়।

বিএনপি সরকারের আমলে মুক্তিযোদ্ধাদের কল্যাণে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, জনগণের রায়ে বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, তখনই মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার উদ্যোগে ‘মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়’ প্রতিষ্ঠা এবং ২০০২ সালে ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন’ প্রণয়ন ছিল সময়োপযোগী সিদ্ধান্ত।

ঐতিহাসিক সশস্ত্র বাহিনী দিবসের এই দিনে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার এবং দেশবাসীর কাছে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। বীর মুক্তিযোদ্ধারা সাহসের সঙ্গে যে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করে গেছেন, সেই দেশটিকে ফ্যাসিবাদমুক্ত করে বিশ্বের বুকে একটি আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে সরকার বদ্ধপরিকর বলে তিনি পুনরায় উল্লেখ করেন।