নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বসতবাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছে জেলা পুলিশ। সংশ্লিষ্ট এলাকায় কোনো সনাতন ধর্মাবলম্বীর বসতি নেই এবং কোনো হিন্দু পরিবার কিংবা ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেনি বলে পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) নড়াইল জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি রাজনৈতিক হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাম্প্রদায়িক হামলার গুজব ছড়ানো হচ্ছে। প্রকৃত ঘটনা আড়াল করে এই ধরনের বিভ্রান্তিকর অপপ্রচার চালানো হচ্ছে জানিয়ে পুলিশ সবাইকে এ থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছে।
পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে কালিয়া থানার বেন্দারচর সুইচগেট-সংলগ্ন বটতলায় নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে বিএনপির একটি মিছিলে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। ওই হামলায় কালিয়া পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদ শেখ (৪৫) ও জাসাসের কালিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সোহেল মোল্লা (৪০) নিহত হন। নিহত শহীদ শেখ মির্জাপুর গ্রামের নেছার শেখের ছেলে এবং সোহেল মোল্লা বড় কালিয়া গ্রামের মোতালেব মোল্লার ছেলে।
হত্যাকাণ্ডের পর পরই নড়াইল জেলা পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই ভাইকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন বেন্দারচর গ্রামের বুলু বিশ্বাসের দুই ছেলে দিশা বিশ্বাস (৩১) ও রাকিব বিশ্বাস (২১)।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ওই দুই নেতার হত্যাকাণ্ডের জের ধরে গত ২০ নভেম্বর বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে ভুক্তভোগী পরিবারের স্বজনসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের কিছু নেতা-কর্মী বেন্দারচর গ্রামে জড়ো হন। একপর্যায়ে তাঁরা নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মীর বসতবাড়িতে ভাঙচুর চালান। খবর পেয়ে কালিয়া থানা পুলিশ দ্রুত সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং বর্তমানে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

