সংযুক্ত আরব আমিরাতে কর্মরত অনেক বাংলাদেশি প্রবাসীর ভিসা বিভিন্ন জটিলতা কিংবা স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় বাতিল হয়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এই সংকট নিরসনে বাতিল হওয়া ভিসা দ্রুত পুনর্বহাল এবং নবায়নের জোর দাবি জানিয়েছে ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা’ নামের একটি সংগঠন। মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি উত্থাপন করা হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের সহকারী সেক্রেটারি মো. শরিফ জানান, ভিসা বাতিলের ফলে প্রবাসীরা তাদের কর্মসংস্থান হারানোর ঝুঁকিতে পড়েছেন। তিনি বলেন, ভিসা জটিলতার কারণে অনেক প্রবাসীর পরিবার এখন চরম আর্থিক সংকট ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ সরকার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিষয়টিকে এরই মধ্যে গুরুত্বের সঙ্গে নিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ রক্ষা, ক্ষতিগ্রস্ত প্রবাসীদের তথ্য সংগ্রহ এবং ভিসা নবায়ন ও পুনর্বহালের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সংগঠনের নেতারা সরকারি এসব উদ্যোগকে স্বাগত জানিয়ে তা দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে সংগঠনের নেতা মো. শহীদুল ইসলাম ও সিরাজুল ইসলাম বক্তব্য রাখেন।

