ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল কাঠামোর আওতায় নিয়ে আসার লক্ষ্যে সরকার 'ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম' চালুর উদ্যোগ গ্রহণ করেছে। এই কার্যক্রম শুরু করার অংশ হিসেবে প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২২ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্যখাতে সমন্বিত তথ্যপ্রযুক্তি ব্যবস্থা সংক্রান্ত এক সভায় তিনি এই নির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।

সভায় ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্মের সম্ভাব্য পরিচালনা পদ্ধতি, কাঠামো এবং স্বাস্থ্যসেবায় এর প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাইলট প্রকল্পের মাধ্যমে মূলত প্ল্যাটফর্মটির কার্যকারিতা, বাস্তবায়নযোগ্যতা, সম্ভাব্য ব্যয় এবং এর প্রয়োগে কী ধরনের সমস্যা দেখা দিতে পারে, তা যাচাই করা হবে। এই প্রকল্পের ফলাফল ও অভিজ্ঞতা পর্যালোচনার ভিত্তিতেই পরবর্তী সময়ে এর পরিধি পর্যায়ক্রমে বাড়ানো হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান সভায় স্বাস্থ্যসেবায় তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহারের ওপর জোর দেন। তিনি বলেন, এই সমন্বিত ব্যবস্থাটি এমনভাবে তৈরি করতে হবে যেন সাধারণ মানুষ সহজে এর সুফল ভোগ করতে পারে এবং চিকিৎসাসেবা পাওয়ার প্রক্রিয়াটি আরও সহজতর হয়। এছাড়া রোগীর প্রয়োজনীয় স্বাস্থ্যতথ্যাদি নিরাপদভাবে সংরক্ষণ এবং প্রয়োজনে সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কাছে দ্রুত পৌঁছে দেওয়ার ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্ল্যাটফর্ম তৈরির ক্ষেত্রে তথ্যের নিরাপত্তা এবং ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিত করার পাশাপাশি এটি যেন ব্যয়সাশ্রয়ী ও দীর্ঘমেয়াদে ব্যবহারযোগ্য হয়, সে বিষয়েও তিনি সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। পাইলট প্রকল্পের ফলাফল যথাযথভাবে মূল্যায়ন করে পরবর্তী কার্যক্রম গ্রহণের নির্দেশ দেন তিনি। সভায় ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্মের বিভিন্ন দিক তুলে ধরে একটি উপস্থাপনা প্রদান করেন প্রকৌশলী জাকারিয়া স্বপন। সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার ও ড. শাকিরুল ইসলাম খান, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব মো. মামুনুর রশীদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।