মালয়েশিয়ায় কর্মসংস্থানের উদ্দেশ্যে যেতে ইচ্ছুক কর্মীদের জন্য মেডিকেল পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ৩১ অক্টোবর ২০২৬ থেকে অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোতে এই পরীক্ষা শুরু হবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বুধবার (২৮ অক্টোবর) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
মন্ত্রণালয় স্পষ্ট করেছে যে, ৩১ অক্টোবরের আগে সম্পন্ন করা কোনো মেডিকেল রিপোর্ট গ্রহণযোগ্য হবে না এবং ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের জন্য তা বিবেচনা করা হবে না। অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা খুব শিগগির মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কর্মীদের অনুরোধ করা হয়েছে তালিকাভুক্ত সেন্টারের বিষয়ে খোঁজ রাখতে। তবে সক্ষমতা ও নির্দেশনা পরিপালনের ভিত্তিতে এই তালিকা থেকে কিছু সেন্টার বাদ পড়তে বা নতুন করে যুক্ত হতে পারে।
মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কোনো রিক্রুটিং এজেন্সি বা মেডিকেল সেন্টার কর্মীদের মেডিকেল পরীক্ষা করাতে পারবে না। কিছু দালাল ও অসাধু চক্র অনুমতি ছাড়াই মেডিকেল করানোর কথা বলে পাসপোর্ট ও টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে মন্ত্রণালয়ের নজরে এসেছে। এ ধরনের প্রলোভনে সাড়া না দিতে এবং অনুমোদন নিশ্চিত না হয়ে কোনো লেনদেন না করতে কর্মীদের সতর্ক করা হয়েছে।
পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত বিএমইটি ছাড়পত্রের জন্য আবেদনকারী এজেন্সিগুলোকে অনুমোদিত মেডিকেল সেন্টারে পরীক্ষার কাগজপত্র এবং ভিডিআর ভিসার নথিপত্র জমা দিতে হবে। সরকারি নির্দেশনা অমান্যকারী কোনো প্রতিষ্ঠান বা এজেন্সির বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এর মধ্যে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারের কার্যক্রম বন্ধ, রিক্রুটিং এজেন্সির বিদেশে কর্মী নিয়োগের কার্যক্রম স্থগিত এবং মন্ত্রণালয়ের অনুমোদন বাতিলের মতো পদক্ষেপ নেওয়া হতে পারে।
অননুমোদিত মেডিকেল পরীক্ষার কিংবা এ ধরনের কার্যক্রমের বিষয়ে কোনো তথ্য থাকলে তা ঘটনার তারিখ, স্থান, সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম এবং প্রমাণসহ [email protected] ঠিকানায় জানানোর জন্য কর্মীদের অনুরোধ করা হয়েছে। কর্মীদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় মন্ত্রণালয় এ ধরনের অনিয়ম রোধে নজরদারি অব্যাহত রাখবে এবং সব সংশ্লিষ্ট কর্মী, রিক্রুটিং এজেন্সি ও মেডিকেল সেন্টারকে সরকারি নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

