নাটোরে শিয়াল মারার বিদ্যুতের ফাঁদে দুই কৃষকের মৃত্যু

নাটোরের লালপুর উপজেলায় খামারের মুরগি রক্ষা এবং শিয়াল ও চোরের উপদ্রব ঠেকাতে পাতা বিদ্যুতের ফাঁদে জড়িয়ে দুই দিনের ব্যবধানে দুইজনের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার ও ঝুঁকিপূর্ণ সংযোগের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন ও পল্লী বিদ্যুৎ সমিতি।

সর্বশেষ মঙ্গলবার সকালে উপজেলার ভাটপাড়া গ্রামের বাসিন্দা সিহাব আলী (৫৫) মারা যান। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে নিজের খামারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হন। এ ঘটনায় নিহত সিহাব আলীর ছেলে মো. সোহান আলী বাদী হয়ে খামারের মালিক মো. আসলাম হোসেনের বিরুদ্ধে লালপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

এর আগে রোববার সকালে উপজেলার বিলমাড়িয়া এলাকায় একই ধরনের আরেকটি ঘটনা ঘটে। জিয়ারুল ইসলাম (৩০) নামের এক স্থানীয় খামারি শিয়ালের আক্রমণ থেকে মুরগির খামার রক্ষার উদ্দেশ্যে জিআই তারের বেড়ায় বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছিলেন। অসাবধানতাবশত তিনি নিজেই সেই তারের সংস্পর্শে এসে বিদ্যুতায়িত হয়ে মারা যান।

পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে, শিয়াল ও চোরের উপদ্রব থেকে বাঁচতে খামারের চারপাশে জিআই তারের বেড়া দিয়ে তাতে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছিল। এই ঝুঁকিপূর্ণ ফাঁদেই জড়িয়ে তাদের মৃত্যু হয়েছে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহগুলো ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লালপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।