স্থলভাগে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, উপকূলে তাণ্ডবের শঙ্কা

বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ভারতের অন্ধ্রপ্রদেশ ও পদুচেরির ইয়ানাম উপকূলের কাছাকাছি পৌঁছে স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া শুরু করেছে। ভারতের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার ভোররাত ২টা থেকে ৪টার মধ্যে ঝড়টি পুরোপুরি স্থলভাগ অতিক্রম করতে পারে। ইতিমধ্যে ঝড়ের বাইরের মেঘমালা স্থলভাগে প্রবেশ করায় অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টি ও তীব্র দমকা হাওয়া শুরু হয়েছে।

ভারতের আবহাওয়া দপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার রাত সাড়ে ১১টায় ঘূর্ণিঝড়টির কেন্দ্র ছিল অন্ধ্রপ্রদেশের নারসাপুর থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, কাকিনাড়া থেকে ৭০ কিলোমিটার দক্ষিণে এবং বিশাখাপত্তনম থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে। ঘণ্টায় প্রায় ২২ কিলোমিটার গতিতে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসরমান এই ঝড়টি বাপাতলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী উপকূল এবং ইয়ানামের দক্ষিণের কাছাকাছি এলাকা দিয়ে স্থলভাগ অতিক্রম করবে।

স্থলভাগে প্রবেশের সময় ঘূর্ণিঝড়টির কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ স্থায়ী গতিবেগ ঘণ্টায় ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার এবং দমকা হাওয়ার গতি ১৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এর প্রভাবে সমুদ্র অত্যন্ত উত্তাল থাকবে এবং উপকূলীয় এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়া কাকিনাড়া ও ইয়ানামের আশপাশে ১ দশমিক ৫ থেকে ২ দশমিক ৫ মিটার এবং গোদাবরী নদীর মোহনায় ২ থেকে ৩ দশমিক ৫ মিটার পর্যন্ত জলোচ্ছ্বাসের পূর্বাভাস দেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড় মোকাবিলায় অন্ধ্রপ্রদেশ সরকার ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। এপি বার্তা সংস্থার তথ্যমতে, ঝুঁকিপূর্ণ ও নিচু এলাকা থেকে অন্তত ৮৯ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া ২০টি জেলায় দুই হাজারের বেশি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং প্রায় ১ হাজার ১০০ চিকিৎসক দল মোতায়েন করা হয়েছে। মাছ ধরার ৩০ হাজারের বেশি নৌযানকেও নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। বিশেষ করে বয়স্ক, শিশু, প্রতিবন্ধী ও অন্তঃসত্ত্বা নারীদের নিরাপত্তার ওপর জোর দেওয়া হয়েছে এবং উপকূলবাসীকে নিরাপদ আশ্রয়ে থেকে বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ওডিশার উপকূলীয় এলাকাতেও ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আশঙ্কায় সতর্কতা জোরদার করা হয়েছে। পুরো স্থলভাগ অতিক্রমের প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আবহাওয়া দপ্তরের পরবর্তী বুলেটিনের জন্য অপেক্ষা করতে হবে।