বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা করছে সরকার

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রুট সম্প্রসারণ এবং আয় বৃদ্ধির সাথে তাল মিলিয়ে ভবিষ্যতে বিমান ভাড়া আরও কমানোর বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদ অধিবেশনে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খানের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদীয় অধিবেশন পরিচালিত হয়।

মন্ত্রী জানান, আমাদের রুটগুলো পূর্ণাঙ্গভাবে চালু হলে আয় বৃদ্ধি পাবে এবং সেই প্রেক্ষাপটে ভাড়া কমানোর বিষয়টি পুনর্বিবেচনা করা হবে। হজযাত্রীদের ভাড়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, অতীতে বিমান হজযাত্রীদের কাছ থেকে প্রায় ২ লাখ টাকা ভাড়া নিতো, যা বর্তমান অন্তর্বর্তী সরকার কমিয়ে প্রায় ১ লাখ টাকায় নামিয়ে এনেছে। গত হজে সর্বোচ্চ ভাড়া ছিল ১ লাখ ৫৪ হাজার টাকা, যা এবার ডায়নামিক প্রাইসিং পদ্ধতি অনুসরণ করে ১ লাখ ৩০ হাজার টাকায় নির্ধারণ করা হয়েছে। অন্যান্য এয়ারলাইন্সের প্রচলিত পদ্ধতির সঙ্গে সামঞ্জস্য রেখেই টিকিটের মূল্য নির্ধারণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।

অভ্যন্তরীণ রুটের ভাড়া নিয়ে বিরোধীদলীয় সংসদ সদস্য মোহাম্মদ মুজিবুর রহমানের এক প্রশ্নের জবাবে মন্ত্রী ঢাকা-চট্টগ্রাম রুটের উদাহরণ দিয়ে বলেন, এই রুটে প্রকৃত বিমান ভাড়া ১২ হাজার নয়, বরং প্রায় ৬ হাজার ৪০০ টাকা। এর সঙ্গে ১৫ শতাংশ কর ও অন্যান্য প্রযোজ্য চার্জ যোগ হয়। এছাড়া ফ্লাইট ছাড়ার শেষ সময়ে টিকিটের মূল্য নিয়ে কোনো ধরনের কারসাজি বা কালোবাজারি যেন না হয়, সে বিষয়ে সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে। সাধারণ যাত্রীরা যাতে নির্ধারিত মূল্যে টিকিট কিনতে পারেন, তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে মন্ত্রী বলেন, ইনশাআল্লাহ, যাত্রীদের কখনো বাড়তি দামে টিকিট কিনতে হবে না। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আর্থিক সক্ষমতা বজায় রাখার পাশাপাশি সাধারণ মানুষের জন্য বিমান ভ্রমণ সাশ্রয়ী করতে সরকার নিরলস কাজ করে যাচ্ছে।