বরিশালে অনুমোদনহীন বহুতল ভবনের নির্মাণ কাজ বন্ধ করল সিটি করপোরেশন

বরিশাল নগরীর জর্ডান রোড এলাকায় একটি বহুতল ভবনের নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। মঙ্গলবার দুপুরে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারীর স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয়।

এর আগে সোমবার ‘সংরক্ষিত এলাকায় অনুমোদন ছাড়াই বহুতল ভবন নির্মাণ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এই সংবাদ প্রকাশের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয় সিটি করপোরেশন কর্তৃপক্ষ। ডেভেলপার প্রতিষ্ঠান গ্রিন সিটিকে আগামী তিন কার্য দিবসের মধ্যে বিসিসির অনুমোদিত প্ল্যান দাখিল করার জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাতে এ বিষয়ে কথা বলেন বিসিসি প্রশাসক। তিনি জানান, দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি সিটি করপোরেশনকে দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তবে এরপরও কেউ কেউ বিভিন্ন কৌশল অবলম্বন করে অনিয়ম ও দুর্নীতি করার চেষ্টা করছেন। যদি সিটি করপোরেশনের কোনো কর্মকর্তা বা কর্মচারী এই অনিয়মের সঙ্গে কোনোভাবে জড়িত থাকেন, তবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি নিশ্চিত করেন।

প্রশাসক আরও জানান, পত্রিকায় সংবাদ প্রকাশের পর বিষয়টি জানার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক ওই বহুতল ভবনের নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানটিকে তিনদিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সিটি করপোরেশনে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।