দেশের ৬৪টি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি দমন, মাদক নিয়ন্ত্রণসহ সার্বিক সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপকে দায়িত্ব প্রদান করা হয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজানকে তিনটি জেলার তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে গত ২৭ আগস্ট বৃহস্পতিবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজানকে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চাঁদপুর জেলার সার্বিক সরকারি কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব অর্পণ করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত এসব প্রতিনিধিরা সংশ্লিষ্ট জেলার স্থানীয় সরকার প্রতিষ্ঠান কিংবা অন্যান্য সাংবিধানিক ও আইনগত সংস্থার নিজস্ব ক্ষমতার ওপর কোনো হস্তক্ষেপ না করেই সরকারের সামগ্রিক কর্মকাণ্ড তদারকি করবেন।
তাদের মূল দায়িত্বের মধ্যে রয়েছে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক পাচার ও অপব্যবহার নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ এবং গুরুতর অপরাধ দমনে সরকারি দপ্তরগুলোকে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ দেওয়া। এছাড়া সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ বিভিন্ন জনকল্যাণমূলক উন্নয়ন কর্মকাণ্ডের তদারকি ও পরামর্শ দেওয়ার দায়িত্বও তাদের ওপর ন্যস্ত করা হয়েছে।

