বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বৃদ্ধি এবং দুই দেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) একটি প্রতিনিধিদল। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং নিশ্চিত করেছে।
অ্যামচেম বাংলাদেশের সভাপতি এবং মাস্টারকার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামালের নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধিদল এই সাক্ষাতে অংশ নেন। প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে জানান, প্রায় দুই মাস আগে সংগঠনটির নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। এই নতুন কমিটি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ আকৃষ্ট করা এবং দুই দেশের ব্যবসায়িক ও বাণিজ্যিক সম্পর্ককে আরও গতিশীল করতে কাজ করছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান এই সাক্ষাতে বলেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের জন্য অত্যন্ত অনুকূল পরিবেশ বিদ্যমান রয়েছে। সরকার আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
বৈঠকটিতে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন।

