আর্থিক সংস্কারে ৫.৭ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস বিশ্বব্যাংকের

রাজস্ব আদায় বৃদ্ধি, সরকারি ব্যয়ের দক্ষতা নিশ্চিতকরণ এবং বিদ্যুৎ ও গ্যাস খাতের ভর্তুকি ব্যবস্থায় কাঠামোগত সংস্কার আনতে পারলে বাংলাদেশের বার্ষিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫ দশমিক ৭ শতাংশে পৌঁছাতে পারে। বিশ্বব্যাংকের ‘বাংলাদেশ পাবলিক ফাইন্যান্স রিভিউ, ২০২৬’ শীর্ষক প্রতিবেদনে এই পূর্বাভাস দেওয়া হয়েছে। সংস্থাটি ২০৩৫ সালের মধ্যে জিডিপির অনুপাতে রাজস্ব আয় ৮ শতাংশ থেকে বাড়িয়ে ১৪ দশমিক ৪ শতাংশে উন্নীত করার লক্ষ্যে দ্রুত ও ধারাবাহিক আর্থিক সংস্কারের ওপর জোর দিয়েছে।

প্রতিবেদনে বর্তমান অর্থনীতির দুর্বল দিকগুলো তুলে ধরে বলা হয়েছে, দেশে রাজস্ব আহরণ কম এবং পরিচালন ব্যয় ক্রমাগত বাড়ছে। জ্বালানি খাতের আর্থিক চাপ উন্নয়ন ব্যয়ের সক্ষমতাকে সংকুচিত করছে, যার ফলে শিক্ষা, স্বাস্থ্য, মানবসম্পদ উন্নয়ন ও অবকাঠামো খাতে বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে। ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হওয়ার লক্ষ্য অর্জনে আর্থিক সংস্কারকে প্রবৃদ্ধি ও কর্মসংস্থান কৌশলের মূল ভিত্তি হিসেবে ব্যবহারের পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক।

রাজস্ব খাতের সীমাবদ্ধতা নিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৫ অর্থবছরে কর রাজস্ব ছিল জিডিপির মাত্র ৬ দশমিক ৮ শতাংশ, যা সমপর্যায়ের দেশগুলোর তুলনায় অনেক কম। সব মিলিয়ে মোট রাজস্বের পরিমাণ ছিল জিডিপির ৮ শতাংশ। কর অব্যাহতিকে রাজস্ব আদায়ের বড় বাধা হিসেবে চিহ্নিত করে সংস্থাটি ২০২২ অর্থবছরে কর অব্যাহতির কারণে জিডিপির ৬ দশমিক ৯ শতাংশ রাজস্ব ক্ষতির কথা জানিয়েছে। তাই ভ্যাট এবং আমদানি-রফতানি পর্যায়ে কর সংস্কারের সুপারিশ করা হয়েছে।

সরকারি মূলধনি ব্যয় হ্রাস পাওয়ার বিষয়টিও উদ্বেগের কারণ হিসেবে উঠে এসেছে। ২০২২ অর্থবছরে সরকারি মূলধনি ব্যয় জিডিপির ৪ দশমিক ৯ শতাংশ থাকলেও ২০২৫ অর্থবছরে তা কমে ২ দশমিক ৮ শতাংশে দাঁড়িয়েছে। একই সময়ে শিক্ষা খাতে ব্যয় ছিল জিডিপির মাত্র ১ দশমিক ৫ শতাংশ। এছাড়া সরকারের ঋণের সুদ পরিশোধের ব্যয় ২০১৭ অর্থবছরের ১ দশমিক ৫ শতাংশ থেকে বেড়ে ২০২৬ অর্থবছরে আনুমানিক ২ দশমিক ৬ শতাংশে পৌঁছেছে।

জ্বালানি খাতের ভর্তুকি সরকারের আর্থিক চাপের অন্যতম উৎস হিসেবে চিহ্নিত হয়েছে। ২০১৮ অর্থবছরে এই ভর্তুকি জিডিপির শূন্য দশমিক ৩ শতাংশ থাকলেও ২০২৫ অর্থবছরে তা বেড়ে ১ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে। বিশ্বব্যাংক ব্যয় সাশ্রয়ী ও নিয়মভিত্তিক জ্বালানি মূল্য নির্ধারণ ব্যবস্থা চালুর সুপারিশ করলেও দরিদ্র জনগোষ্ঠীর সুরক্ষায় লক্ষ্যভিত্তিক সহায়তা প্রদানের ওপর গুরুত্ব দিয়েছে। প্রতিবেদনে দারিদ্র্যের হার বৃদ্ধির বিষয়টিও উল্লেখ করা হয়েছে, যা ২০২২ সালের ১৮ দশমিক ৭ শতাংশ থেকে বেড়ে ২০২৬ সালে ২২ দশমিক ৫ শতাংশে পৌঁছেছে।

কর্মসংস্থান সৃষ্টির চ্যালেঞ্জ মোকাবিলায় অনানুষ্ঠানিক খাতের আধিপত্য এবং নারীদের শ্রমবাজারে অংশগ্রহণের কম হারকে বড় বাধা হিসেবে দেখা হচ্ছে। এই পরিস্থিতি উত্তরণে করনীতি ও কর প্রশাসনকে পৃথক করা, ডিজিটাল ব্যবস্থার আধুনিকায়ন এবং স্বাধীন জ্বালানি নিয়ন্ত্রক সংস্থা গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়েছে। সংস্কারের ফলে সৃষ্ট আর্থিক সক্ষমতা স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা ও অবকাঠামো খাতে বিনিয়োগে ব্যবহারের পরামর্শ দিয়েছে সংস্থাটি।

বিশ্বব্যাংকের প্রাক্কলন অনুযায়ী, সংস্কার পুরোপুরি বাস্তবায়িত হলে ২০২৭ থেকে ২০৩৫ অর্থবছর পর্যন্ত গড় বার্ষিক প্রবৃদ্ধি ৫ দশমিক ৭ শতাংশ হতে পারে। সংস্কার না হলে এই প্রবৃদ্ধি ৪ দশমিক ২ শতাংশে আটকে যাওয়ার আশঙ্কা রয়েছে। সফল সংস্কারের মাধ্যমে ২০৩৫ অর্থবছরে রাজস্ব আয় জিডিপির ১৪ দশমিক ৪ শতাংশে পৌঁছাতে পারে এবং বাজেট ঘাটতি জিডিপির ৫ শতাংশের নিচে নেমে ৩ দশমিক ৬ শতাংশে আসতে পারে বলে আশা করছে সংস্থাটি।