বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় দরপতন

মার্কিন ফেডারেল রিজার্ভের (ফেড) কঠোর মুদ্রানীতি গ্রহণের আশঙ্কায় মার্কিন ডলারের মান শক্তিশালী হয়েছে। একই সঙ্গে মার্কিন ট্রেজারি বন্ডের মুনাফার হার বৃদ্ধি পাওয়ায় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন দেখা দিয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) মূল্যবান এই ধাতুর দাম এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি নেমে আসে।

বাংলাদেশ সময় শুক্রবার বিকেল ৫টা ১৩ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৫৮৫ দশমিক ৯২ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া ডিসেম্বরে সরবরাহের জন্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম ২ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৫৮৭ দশমিক ৯০ ডলারে নেমে এসেছে।

এ বিষয়ে ক্রিটিক্যাল মেটালসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টনি সেজ রয়টার্সকে জানান, ফেডের কঠোর মুদ্রানীতির আশঙ্কায় স্বর্ণের ওপর নতুন করে চাপ তৈরি হয়েছে। তিনি উল্লেখ করেন যে, মার্কিন ডলার শক্তিশালী হওয়ার পাশাপাশি সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণ ধরে রাখার সুযোগ ব্যয়ও বৃদ্ধি পেয়েছে। তিনি আরও জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংশ্লিষ্ট শেয়ারবাজারে চলমান দরপতনের কারণে বিনিয়োগকারীরা অন্যান্য খাতের লোকসান পুষিয়ে নিতে স্বর্ণ বিক্রি করছেন।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। শুক্রবার রুপার দাম শূন্য দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪২ দশমিক ৫৮ ডলারে নেমেছে। এছাড়া প্লাটিনামের দাম ২ দশমিক ৬ শতাংশ কমে ১ হাজার ৩০৯ দশমিক ৩৬ ডলার এবং প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে ৯০৬ দশমিক ৬৭ ডলারে দাঁড়িয়েছে।

অন্যদিকে, দেশের বাজারে বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে।