সামাজিক নিরাপত্তার উপকারভোগী শনাক্তের লক্ষ্যে একটি ডিজিটাল ব্যবস্থা গড়ে তোলার জন্য অর্থ বিভাগ ২১৬ কোটি টাকার একটি কারিগরি সহায়তা প্রকল্প প্রস্তাব করেছে। তবে প্রকল্পটির ব্যয় প্রস্তাবেই যথেচ্ছ খরচের ইঙ্গিত পাওয়া গেছে। বিশেষ ভাতা, সেমিনার, গবেষণা, টেলিফোন এবং মুদ্রণসহ বিভিন্ন খাতে অতিরিক্ত বরাদ্দ রাখার পাশাপাশি পরামর্শক নিয়োগের ব্যয় নিয়েও পরিকল্পনা কমিশন প্রশ্ন তুলেছে।
‘সোশ্যাল প্রোটেকশন ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যান্ড কো-অর্ডিনেশন (এসপিডিটিসি)’ শীর্ষক এই প্রকল্পের প্রস্তাবটি পর্যালোচনার সময় পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগের বিশেষ প্রকল্প মূল্যায়ন কমিটি (এসপিইসি) বিভিন্ন অসংগতি চিহ্নিত করেছে। একই ধরনের কাজ আগে থেকেই সমাজকল্যাণ মন্ত্রণালয় ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) করায় নতুন এই প্রকল্পে অর্থের অপচয় ও কাজের পুনরাবৃত্তির আশঙ্কা করছে কমিশন। এসপিইসি থেকে অযাচিত ব্যয় পরিহারের নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ২১৬ কোটি ৪৩ লাখ ৪৪ হাজার টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ১১৯ কোটি সাত লাখ ৪৪ হাজার টাকা এবং বিশ্বব্যাংকের ঋণ ৯৭ কোটি ৩৬ লাখ টাকা। ২০২৬ সালের জুলাই থেকে ২০৩১ সালের মার্চ পর্যন্ত মেয়াদে এটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো ডায়নামিক সোশ্যাল রেজিস্ট্রি (ডিএসআর) প্রতিষ্ঠা করা এবং বিদ্যমান সিঙ্গেল রেজিস্ট্রি সিস্টেমকে শক্তিশালী করা, যার মাধ্যমে সরকারি সহায়তার অর্থ সরাসরি সুবিধাভোগীর কাছে পৌঁছানোর ব্যবস্থা উন্নত হবে।
এসপিইসি’র সভায় বিশেষ ভাতা খাতের ব্যয়কে অনাবশ্যক উল্লেখ করে পুরো বরাদ্দ বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। সেমিনার ও কনফারেন্সের ক্ষেত্রেও বিস্তারিত ব্যয় বিভাজন চাওয়া হয়েছে। এছাড়া ডাক, টেলিফোন, মুদ্রণ, মনিহারি ও গবেষণার মতো খাতে ব্যয় পুনর্গঠন করতে বলা হয়েছে। ফিজিক্যাল কন্টিনজেন্সি ০.৫ শতাংশ এবং প্রাইস কন্টিনজেন্সি ১ শতাংশ নির্ধারণ করে ব্যয় পুনর্গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
কমিটির সদস্যরা প্রকল্পের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুললে অর্থ বিভাগের প্রতিনিধি জানান, মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্র অনুযায়ী ডিএসআর সিস্টেম উন্নয়ন ও সার্ভার ব্যবস্থাপনার দায়িত্ব অর্থ বিভাগের। তবে বিশ্বব্যাংকের অর্থায়নে একই ধরনের কার্যক্রম সমাজকল্যাণ মন্ত্রণালয়ও পরিচালনা করছে। পরামর্শক নিয়োগের ক্ষেত্রেও কমিশন আপত্তি জানিয়ে কর্মপরিধি ও যৌক্তিক হিসাব দাবি করেছে। বর্তমানে সিঙ্গেল রেজিস্ট্রি সিস্টেমে ২০টি কর্মসূচিসহ বিভিন্ন তথ্যভান্ডার যুক্ত রয়েছে এবং অর্থ বিভাগ দাবি করেছে, ২০২৫-২৬ অর্থবছরে এই ব্যবস্থায় তিন কোটি ১৬ লাখ উপকারভোগীকে ২১ হাজার ৬০০ কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে। কমিশন প্রকল্পের সুফল ও এক্সিট প্ল্যানসহ ২০টি শর্ত পূরণ করে পুনর্গঠিত টিএপিপি জমা দেওয়ার পর প্রকল্পটি অনুমোদনের সুপারিশ করেছে।
এসপিইসি সভার কার্যবিবরণীতে দেখা যায়, বিশেষ ভাতা খাতের ব্যয়কে অনাবশ্যক উল্লেখ করে পুরো বরাদ্দ বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেমিনার ও কনফারেন্স আয়োজনের প্রয়োজনীয়তা, অংশগ্রহণকারীর সংখ্যা, স্থান এবং বিস্তারিত ব্যয় বিভাজনও চেয়েছে কমিশন। এ খাতে সরকারি অর্থায়ন থেকে ৩৬ লাখ ৩৫ হাজার টাকা রেখে মোট তিন কোটি ১৮ লাখ ৩৫ হাজার টাকা সংস্থানের সিদ্ধান্ত হয়েছে। সংশোধিত প্রস্তাবে এ খাতেই মোট প্রকল্প ব্যয়ের প্রায় ১.৪৭ শতাংশ বরাদ্দ থাকছে।
এদিকে, বিশ্বব্যাংকের ২০০ মিলিয়ন ডলারের ‘এসএসপিআইআরআইটি’ কর্মসূচির আওতায় অর্থ বিভাগ ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জন্য পৃথক অর্থায়নের ব্যবস্থা রয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ও এ সহায়তার আওতায় পৃথক প্রকল্প নিয়েছে। ফলে একই ধরনের কার্যক্রমে একাধিক সংস্থার বিনিয়োগ ও বাস্তবায়নের মধ্যে সমন্বয় না হলে অর্থের অপচয় এবং কাজের পুনরাবৃত্তির আশঙ্কা রয়েছে।

