লালমনিরহাটে কঠোর বার্তা প্রধানমন্ত্রীর: সন্ত্রাস ও হত্যার রাজনীতি আর নয়

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আর অগ্নিসন্ত্রাস, গুম ও খুনের রাজনীতিতে ফিরে যেতে চায় না। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে লালমনিরহাটের মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, এই সন্ত্রাসী, অগ্নিসন্ত্রাসী ও খুনিদের সমুচিত জবাব দিতে হবে। ‘এনাফ ইজ এনাফ—যথেষ্ট হয়েছে, আর নয়।’

প্রধানমন্ত্রী বলেন, আমরা খাল খননের রাজনীতি করতে চাই। দেশের শিল্প-কলকারখানা গড়ে তুলে উৎপাদন বাড়াতে চাই। কৃষির উন্নয়ন, মানুষের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং মা-বোনদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার রাজনীতি করতে চাই। আমরা মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি করতে চাই। তিনি আশা প্রকাশ করেন, লালমনিরহাটের মানুষ বরাবর গণতন্ত্রের পক্ষে এবং সন্ত্রাসের বিরুদ্ধে ছিল, আগামী দিনেও তারা একই অবস্থানে থাকবে।

আওয়ামী লীগকে হুঁশিয়ারি দিয়ে তারেক রহমান বলেন, যারা ১৬ বছর ধরে জনগণের বুকে বন্দুক তাক করে ক্ষমতায় ছিল, তারা আবারও ষড়যন্ত্র করছে। যে দেশে তারা পালিয়ে গেছে, সেই দেশই তাদের প্রভু। তাদের প্রভুদের খুশি করতে তারা আবারও ষড়যন্ত্র করছে। ছাত্র-জনতা জীবন দিয়ে যে অধিকার প্রতিষ্ঠা করেছিল, ষড়যন্ত্রকারীরা সেই অধিকার কেড়ে নিতে চায়। পালিয়ে গিয়েও তারা অগ্নিসন্ত্রাস করছে এবং মানুষ হত্যা করছে। তিনি বলেন, ক্ষমতা ধরে রাখার জন্য শেষ সময়ে তারা ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করেছে, যার মধ্যে ৬০ জন শিশুও রয়েছে। যারা মানুষ হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে চায়, দেশ ও জনগণের প্রতি তাদের কোনো কর্তব্য থাকে না।

অর্থপাচারের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, প্রতিবছর লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে তারা আরাম-আয়েশে জীবনযাপন করেছে। তিনি সমগ্র বাংলাদেশের গণতন্ত্রকামী ও দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সন্ত্রাসীদের শক্তভাবে জবাব দিতে হবে, যাতে তারা ভবিষ্যতে বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে না পারে। তিনি বলেন, আমাদের রাজনীতি হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের রাজনীতি, পদ্মা ব্যারাজ নির্মাণের রাজনীতি। দেশের ভাগ্য পরিবর্তন করতে হলে গণতান্ত্রিক সব দলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ২০২৪ সালের মতো আবারও ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।

অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবীব দুলু, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনসহ রংপুর বিভাগের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে সকাল ১০টায় লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের আয়োজনে প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা-২০২৬-এর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি জানান, আগামী তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করবে বাংলাদেশ। অন্যের প্রযুক্তির ওপর নির্ভর না করে দেশের তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে এ লক্ষ্য অর্জন করা হবে। পরে বিকেলে জেলার কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী। দিনব্যাপী সরকারি কর্মসূচি শেষে বিকেল ৪টায় লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি।