ইরানে নতুন সামরিক অভিযানের ছক চূড়ান্ত করছেন নেতানিয়াহু

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান পরিচালনা করা অনিবার্য বলে মনে করছেন ইসরাইলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সাম্প্রতিক কয়েকটি বৈঠকে তিনি দেশটির জ্যেষ্ঠ মন্ত্রী ও নিরাপত্তা কর্মকর্তাদের এই অভিযানের প্রয়োজনীয়তার বিষয়টি জানিয়েছেন। জানা গেছে, তেহরানের বিরুদ্ধে কয়েক দিনব্যাপী নতুন এই সামরিক অভিযান চালানোর জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন আদায়ের জোর চেষ্টা চালাচ্ছেন তিনি।

ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১৩-এর বরাতে দ্য টাইমস অব ইসরাইল জানিয়েছে, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের কর্মকর্তারা সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়ে একমত হয়েছেন এবং এরই মধ্যে তা অনুমোদন করেছেন। এখন কেবল অভিযান শুরুর সময়ের অপেক্ষায় রয়েছে ইসরাইল। নাম প্রকাশে অনিচ্ছুক ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার মধ্য দিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। নেতানিয়াহুর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা অভিযোগ করেছেন যে, নিজের দুর্বল রাজনৈতিক অবস্থানকে শক্তিশালী করতেই তিনি যুদ্ধের বিস্তার ঘটাতে চাইছেন। যদিও নেতানিয়াহু এসব অভিযোগ অস্বীকার করেছেন।

এদিকে নতুন অভিযানের জন্য মার্কিন সমর্থন পাওয়ার চেষ্টা করলেও মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বক্তব্যে ভিন্ন সুর দেখা যাচ্ছে। তিনি ইরানের বিরুদ্ধে নতুন কোনো হামলায় তাড়াহুড়ো করতে আগ্রহী নন। অ্যাক্সিওসকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে তিনি তাড়াহুড়ো করছেন না এবং বছরের শুরুতে পরিস্থিতি পর্যবেক্ষণ করেই পরবর্তী পদক্ষেপ নেবেন। রয়টার্সকে দেয়া পৃথক সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেছেন, ২০২৭ সালের শুরুতে ইরানে নতুন হামলার সম্ভাবনা নিয়ে আলোচনার সুযোগ রয়েছে এবং তাদের হাতে পর্যাপ্ত সময় আছে।

অন্যদিকে দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ইরানের বিরুদ্ধে চার থেকে সাত দিনব্যাপী বিমান হামলা চালানোর পরিকল্পনা করছেন নেতানিয়াহু। ট্রাম্প নিজেও ইরানের বিরুদ্ধে বড় ধরনের আরেকটি হামলার বিষয়টি বিবেচনা করছেন বলে জানা গেছে। তিনি ইসরাইলি গোয়েন্দাদের এই মূল্যায়ন খতিয়ে দেখছেন যে, ইরান তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতার অংশবিশেষ পুনর্গঠন করেছে এবং দেশটিতে রাসায়নিক ও জীবাণু অস্ত্র কর্মসূচির অগ্রগতির আশঙ্কা রয়েছে।