সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে দেওয়া এক বাণীতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর অবদানকে অত্যন্ত গৌরবোজ্জ্বল ও ইতিবাচক হিসেবে আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২০ নভেম্বর শুক্রবার দেওয়া এই বাণীতে তিনি বলেন, ২১ নভেম্বর বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় এবং এ দেশের জন্মের ইতিহাসের সঙ্গে এই বাহিনীর পথচলা অঙ্গাঙ্গিভাবে জড়িত।
বাণীতে প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দেন, ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধের চরম সংকটময় মুহূর্তে সেনা, নৌ ও বিমানবাহিনীর সাহসী সদস্যরা সম্মিলিতভাবে দখলদার বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করেন। এই সমন্বিত আক্রমণে কাঁধে কাঁধ মিলিয়ে অংশ নিয়েছিলেন মুক্তিবাহিনী, আধা সামরিক বাহিনীর সদস্য ও দেশপ্রেমিক জনতা, যা রণাঙ্গনের যুদ্ধকে নতুন মাত্রা দিয়েছিল। এ কারণেই প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস হিসেবে উদযাপিত হয়। দিবসটি উপলক্ষে সেনা, নৌ ও বিমানবাহিনীর সর্বস্তরের সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক তৎকালীন মেজর জিয়াউর রহমান ছিলেন সামরিক বাহিনীর একজন কর্মকর্তা, যা সশস্ত্র বাহিনীর ইতিহাসে এক অনন্য ও ঐতিহাসিক ঘটনা। সাবেক সেনাপ্রধান ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীকে একটি সুশৃঙ্খল, ক্ষিপ্র, আধুনিক ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে তুলেছিলেন। পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার শাসনামলেও এই বাহিনীর আধুনিকায়নের ধারা অব্যাহত ছিল। বর্তমান সরকারও উন্নত বিশ্বের সঙ্গে সংগতি রেখে প্রযুক্তিভিত্তিক, গতিশীল ও দক্ষ সশস্ত্র বাহিনী গড়ে তুলতে নানা পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করছে।
সশস্ত্র বাহিনীকে একটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গৌরব ও শৌর্য-বীর্যের প্রতীক হিসেবে আখ্যায়িত করে প্রধানমন্ত্রী বলেন, দেশপ্রেমিক নেতৃত্ব ও জনগণের সম্মিলিত প্রয়াসে অপশক্তির নানা অপচেষ্টা ব্যর্থ করে সশস্ত্র বাহিনী সাফল্যের যাত্রা অব্যাহত রেখেছে। দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও সংকটের সময় বলিষ্ঠ ভূমিকার মাধ্যমে বাহিনীটি জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছাড়াও ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা দেশ ও জনগণের পক্ষে ইতিবাচক ছিল।
আন্তর্জাতিক পরিমণ্ডলে সশস্ত্র বাহিনীর অবদান তুলে ধরে তারেক রহমান বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সততা, দক্ষতা ও কর্মক্ষমতার জন্য বাংলাদেশি সদস্যরা বিশ্বজুড়ে প্রশংসিত। শান্তিরক্ষী প্রেরণকারী অন্যতম শীর্ষ দেশ হিসেবে বিশ্বদরবারে বাংলাদেশের এই অবস্থান জাতির জন্য অত্যন্ত গৌরবের এবং এর মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়েছে। ভবিষ্যতেও এ ভূমিকা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বাণীর শেষাংশে প্রধানমন্ত্রী মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীরশ্রেষ্ঠ সিপাহি মোস্তফা কামাল, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ সিপাহি হামিদুর রহমান, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এবং বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আবদুর রউফসহ সশস্ত্র বাহিনীর সব বীর সন্তানের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে তিনি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সার্বিক সাফল্য এবং বাহিনীর সদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ১৭: ৫৯আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ১৮: ০৮

