রূপগঞ্জে গোল্ডকাপ ফুটবলের উদ্বোধন করলেন দিপু ভূঁইয়া

নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা প্রশাসন আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। শুক্রবার (২০ নবেম্বর) বিকেলে উপজেলার মুড়াপাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এই টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি এস এম আব্দুল্লাহ-বিন-শফিক। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক এবং খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। এছাড়া মাঠ প্রাঙ্গণে বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত হয়ে উদ্বোধনী আয়োজনটি উপভোগ করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই টুর্নামেন্ট আয়োজনের মূল লক্ষ্য হলো তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করে ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহিত করা। একই সঙ্গে মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করা এবং রূপগঞ্জের সর্বস্তরের মানুষের মধ্যে সম্প্রীতি ও ঐক্যের বন্ধন সুদৃঢ় করাই এই আয়োজনের অন্যতম প্রধান উদ্দেশ্য।