গোপালগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয়দের সহযোগিতা চেয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, ‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন, তাহলে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ কীভাবে কাজ করবে।’ শুক্রবার গোপালগঞ্জ শহরের সার্কিট হাউসে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘আপনারা যদি মনে করেন পুলিশের দরকার নাই, তাহলে নিজেদের সুরক্ষা নিজেদেরই নিশ্চিত করতে হবে।’
আইজিপি আলী হোসেন বলেন, ‘আমি মনে করি, আপনারা (গোপালগঞ্জবাসী) শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ বাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে সহযোগিতা করবেন; এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখবেন।’ তিনি স্থানীয়দের উদ্দেশে বলেন, ‘আপনারা সবাই মিলে শান্তিপ্রিয় মানুষগুলো যারা অশান্তি তৈরি করে, তাদের বিপক্ষে অবস্থান নিন। (অশান্তি তৈরি করে) এমন (লোকজনের) সংখ্যা খুব বেশি নয়।’
পুড়িয়ে দেওয়া দুটি থানার কার্যক্রম শুরুর বিষয়ে এক প্রশ্নের জবাবে পুলিশপ্রধান বলেন, ‘এই থানা কাদের জন্য? আপনাদের জন্য, জনগণের জন্য। আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন, তাহলে এরা (পুলিশ) কাজ কীভাবে করবে? আপনারা যদি পুলিশকে সহযোগিতা না করেন, তাহলে তো এরা কাজ করতে পারবে না।’ সাম্প্রতিক সহিংসতায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘আসল কথা হলো জনগণ যেটা চাইবে, সেটাই সরকার সিদ্ধান্ত নেবে।’
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে পুলিশপ্রধান বলেন, ‘সে ক্ষেত্রে আগেও আপনারা দেখেছেন, অনেক লাগাতার কর্মসূচি হয়েছে, পরিণতি কী হয়। আপনাদের (আন্দোলনকারীদের) প্রতি আমাদের যেন স্ট্রিক্ট (কঠোর) অবস্থানে যাওয়া না লাগে।’
এর আগে সাম্প্রতিক সহিংসতার পর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখতে সকালে গোপালগঞ্জে পৌঁছান আইজিপি আলী হোসেন ফকির, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) ডিজি ফারুক আহমেদ। ঢাকা থেকে গোপালগঞ্জ শহরে আসার পথে তাঁরা পুড়িয়ে দেওয়া মুকসুদপুর থানা পরিদর্শন করেন। তবে বিকেল পাঁচটা পর্যন্ত তাঁরা পুড়িয়ে দেওয়া টুঙ্গিপাড়া থানা পরিদর্শনে যাননি। এরপর গোপালগঞ্জ পুলিশ লাইনসে বিশেষ কল্যাণ সভায় অংশ নেন আইজিপি। সেখান থেকে সার্কিট হাউসে গিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভায় অংশ নেন পুলিশপ্রধান, বিজিবি ও এসআরবি ডিজি। এতে গোপালগঞ্জ ছাড়াও বাগেরহাট, নড়াইল, ফরিদপুরসহ আশপাশের জেলার পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ পুলিশ, বিজিবি ও এসআরবির কর্মকর্তারা অংশ নেন।

