মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আগামী ৭ ডিসেম্বর দুই দিনের সফরে ঢাকায় আসছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, সরকার গঠনের আট মাসের মাথায় কোনো সরকারপ্রধানের এটিই প্রথম দ্বিপক্ষীয় ঢাকা সফর। সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
এর আগে গত ২২ জুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই সময় তিনি তার প্রথম বিদেশ সফরের অংশ হিসেবে মালয়েশিয়াকে বেছে নিয়েছিলেন এবং পরে বেইজিং সফর করেছিলেন। ফেব্রুয়ারিতে দুই দশক পর বিএনপি সরকারে ফেরার পর দুই নেতার সেই বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে ঐকমত্য হয়েছিল।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের পর হওয়া আলোচনার অগ্রগতি পর্যালোচনা এবং দুই দেশের সম্পর্ককে নতুন গতিশীলতা দেওয়ার সুযোগ তৈরি হবে এই সফরে। আলোচনার সম্ভাব্য এজেন্ডার মধ্যে রয়েছে জনশক্তি রপ্তানি ও বাংলাদেশি কর্মীদের পরিস্থিতি, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং প্রতিরক্ষা সহযোগিতা। এছাড়া দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়েও দুই নেতা আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ৪ অক্টোবর আনোয়ার ইব্রাহিম সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসেছিলেন। সে সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছিলেন।

